এক ওভারে পাঁচ ছক্কা! আইপিএল নিলামের আগে দুরন্ত ফর্মে সচীন পুত্র

মাস্টার ব্লাস্টার সচীন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর ইতিমধ্যেই মুম্বইয়ের সিনিয়র দলের হয়ে অভিষেক করেছেন। সৈয়দ মুস্তাক আলী ট্রফি টি- ২০ টুর্নামেন্ট ২০২১-এর এলিট ই লিগের গ্রুপ ম্যাচে হরিয়ানার বিরুদ্ধে সিনিয়র দলে অভিষেক ঘটে অর্জুনের। অভিষেক ম্যাচেই হরিয়ানার ওপেনার চৈতন্য বিষ্ণোইকে আউট করে অর্জুন প্রথম উইকেট নেন। এই উইকেটের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

এরপর আইপিএল নিলামেও নাম উঠেছে তার। বেস প্রাইস ২০ লক্ষ টাকায় নিলামের চূড়ান্ত তালিকাতে রয়েছেন অর্জুন। আগামী ১৮ ফেব্রুয়ারি আইপিএলের নিলাম নিয়ে চরম উৎসাহী গোটা ক্রিকেট বিশ্ব। কোন খেলোয়াড়কে কোন ফ্র্যাঞ্চাইজি নেবে, এই নিয়ে দড়ি টানাটানি চলবে চেন্নাইয়ে হওয়া এই ইভেন্টে। আর এই আইপিএল নিলামের আগেই ভালো ফর্মে তিনি।

মুম্বইয়ে একটি স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে ৫ টি চার ও ৮ টি ছক্কা সহ ৩১ বলে ৭৭ রান ও বল হাতে ৪১ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন অর্জুন। সেই সঙ্গে অফ-স্পিনার হশির দাফেদরের এক ওভারে ৫ টি ছয় মারেন অর্জুন। এই তরুণ অলরাউন্ডারকে পেতে এবার ঝাঁপাতে চলেছে আইপিএলের হেভিওয়েট ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স। এর আগে কয়েকটি মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাম্পে নেট বোলার হিসেবে থেকেছিলেন অর্জুন।

RELATED Articles