ভারতের থেকে সবসময় উল্টো কথাই বলে পাকিস্তান। এবারও তার ব্যতিক্রম হল না। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানান দুবাইয়ে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়া কাপ। কিন্তু পরের দিনই পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহশান মানি বেশ জোরের সাথেই বলেন, “এখনও কিছুই চূড়ান্ত হয়নি।”
এছাড়া তিনি বলেন যে, “এশিয়ার সব দেশের সঙ্গেই আলোচনা করার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।” তিনি আরও বলেন, “এশিয়া কাপের অল্টারনেট ভেনু যে শুধু দুবাই এমনটা নয়। পাকিস্তান যদি আয়োজন না-ও করে, তা-ও দুবাই কোনও ভাবেই অল্টারনেট ভেনু নয়।”
প্রসঙ্গত উল্লেখ্য এই এশিয়া কাপ আয়োজন করার স্বত্ব পাকিস্তানের কাছে থাকলেও নিরাপত্তার কথা ভেবেই বিসিসিআই বোর্ডের তরফে বলে দেওয়া হয়েছে যে, “নিরাপত্তার কারণবশত ভারতীয় দল পড়শি দেশ পাকিস্তানে যেতে পারবে না। আর সেই কারণেই পাকিস্তান বাদে এশিয়া কাপের জন্য বিকল্প হিসেবে অন্য কোনও এশিয়ার দেশে এশিয়া কাপ ২০২০-র আয়োজন করা হোক”
উল্লেখ্য আগামী ৩ মার্চ দুবাইতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মিটিং। সেখানে যাওয়ার আগে ইডেনে সাংবাদিকদের মুখোমুখি হন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে তিনি ঘোষণা করেন “দুবাইতে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। ভারত এবং পাকিস্তান দুই দলই সেখানে অংশ নেবে।”
আর এই প্রসঙ্গেই মানি এ দিন বলেন, “দেখুন, এশিয়া কাপ সেই সেপ্টেম্বরে। আর এখন আমরা রয়েছি ফেব্রুয়ারিতে। যদি করোনভাইরাস খুব ভয়ংকর ভাবে ছড়িয়ে পড়ে, তাহলে আমাদের যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। তাই বিষয়টি এখন গৌণ হিসেবেই আলোচিত হচ্ছে।”






