ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৪ ডিসেম্বর। সূত্রের পাওয়া খবর অনুযায়ী সেই সভায় আগামী বছরের আইপিএলে দুটি নতুন দলকে অন্তর্ভুক্ত করা নিয়ে আলোচনা করা হবে। এছাড়াও তিনজন নতুন জাতীয় নির্বাচক নিয়োগ এবং আইসিসিতে ভারতের প্রতিনিধি নিয়োগ করা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সভার কার্যসূচিতে নতুন সহ সভাপতি নির্বাচনও অন্তর্ভুক্ত রয়েছে।
এজিএম-এর আগে বিসিসিআই সব স্বীকৃত শাখাগুলিতে ২১ দিন আগে ২৩ দফা অগ্রিম অ্যাজেন্ডা প্রেরণ করেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল আইপিএলে দুটি নতুন দলকে অন্তর্ভুক্ত করে ১০ টি দলের টুর্নামেন্ট তৈরি করা। মনে করা হচ্ছে যে আদানী গ্রুপ এবং সঞ্জীব গোয়েঙ্কার আরপিজি নতুন দল কিনতে পারে, যার মধ্যে একটি আহমেদাবাদ থেকে আসতে পারে। আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বিসিসিআইয়ের প্রতিনিধি কে হবেন তাও বৈঠকে আলোচনা হবে। বোর্ড সচিব জয় শাহকে এই দায়িত্ব দেওয়া হতে পারে।
নির্বাচন কমিটির চেয়ারম্যানের সাথে তিনজন নতুন নির্বাচকও নির্বাচিত হবেন। বোর্ডের এক সিনিয়র সূত্র জানিয়েছে, “নির্বাচন কমিটি ক্রিকেটের অংশ। এর বাইরে একটি কারিগরি কমিটিও গঠন করা হবে। এগুলি সব উপ-কমিটি হবে।” আম্পায়ারদের একটি উপ-কমিটিও গঠন করা হবে। এর পাশাপাশি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি সম্পর্কিত বিষয়গুলি নিয়েও আলোচনা করা হবে। আলোচনায় ভারতের ২০২১ সালের ভবিষ্যত সফরের সময়সূচি, পরের বছরের টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি এবং ২০২৮ লস অ্যাঞ্জেলেস গেমসে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার দাবি নিয়েও আলোচনা করা হবে।





