করোনার জেরে বিশ্বের সমস্ত প্রান্তে বন্ধ সমস্তরকম খেলা। এরফলে চরম আর্থিক সংকটের মধ্যে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তদসত্তেও ক্রিকেটারদের বেতন মিটিয়ে দিল বিসিসিআই।
এর প্রেক্ষিতে সংবাদসংস্থা পিটিআই-কে বোর্ডের এক কর্তা জানান, “২৩ মার্চ লকডাউন ঘোষনা করার পর বিসিসিআই সমস্ত পরিস্থিতি মোকাবিলা করার জন্য তৈরি ছিল। বোর্ড ক্রিকেটারদের ত্রৈমাসিক বেতন মিটিয়ে দিয়েছে। বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড সরকারি সাহায্যের উপর নির্ভরশীল। অন্য দেশের ক্রিকেটারদের বেতন কাটা হচ্ছে। করোনার ভয়াবহতার জন্য ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা বেতন কম নেবেন। তবে বিসিসিআই সেই পথে হাঁটছে না। এতদিন যেভাবে বোর্ড ক্রিকেটারদের পাশে ছিল এখনও সেইভাবে পাশে থাকবে। এই পরিস্থিতির জন্য ঘরোয়া কিংবা আন্তর্জাতিক কোনও ক্রিকেটারকেই ভুগতে হবে না।”
এদিকে চলতি বছরে আইপিএল যে প্রশ্নের মুখে সেই ব্যাপারে সহমতও জানিয়েছেন সেই বোর্ড কর্তা। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড এখনই কোনও টুর্নামেন্ট বাতিল ঘোষণা করতে চাইছে না। তবে পরিস্থিতির কারণে সব টুর্নামেন্ট বাতিল হয়ে গেলে আরোও ভয়াবহ আর্থিক ক্ষতির মুখে পড়বে ভারতীয় ক্রিকেট বোর্ড।





