দেশজোড়া লকডাউনের ফলে প্রশ্নের মুখে এই বছরের আইপিএল। ২৯ মার্চ আইপিএল শুরু হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের প্রকোপের জন্য ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে এই লিগ।
কিন্তু উত্তরোত্তর করোনার জন্য পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে আদৌ এবার এই টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হবে কিনা তা নিয়ে স্বাভাবিক ভাবেই উঠছে প্রশ্ন!
সূত্রের খবর, বিসিসিআই ভাবনাচিন্তা করছে জুলাই মাসে আইপিএল করার। কারণ আইপিএল না হলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বে টুর্নামেন্টের সঙ্গে জড়িত ফ্র্যাঞ্চাইজি থেকে শুরু করে অন্যান্যরা। বোর্ডের টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাতিল হয়ে গেলে সব মিলিয়ে পাঁচ হাজার থেকে সাত হাজার কোটি টাকার ক্ষতি হবে।
পাশাপাশি তিন হাজার কোটি টাকার বেশি ক্ষতি হবে আইপিএলের প্রধান সম্প্রচারকারী সংস্থা স্টার ইন্ডিয়ার।
তাই দরকার পড়লে ফাঁকা স্টেডিয়ামেও টুর্নামেন্টের আয়োজন করাতে পারে সৌরভ গাঙুলির বোর্ড। অবশ্য বিকল্প প্ল্যানও করে রেখেছে বোর্ড। করোনাভাইরাসের জন্য যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যায় তা হলে সেই সময় আইপিএল হতে পারে। যদি সেপ্টেম্বর মাসে এশিয়া কাপ না হয় তা হলে আইপিএল আয়োজন করা যেতে পারে ওই সময়।





