চলতি আইপিএল এ অ ধারাবাহিক পারফর্মেন্সের জেরে রান রেটে বেরিয়ে যায় কলকাতা নাইট রাইডার্স। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বঙ্গসন্তান ঋদ্ধিমান সাহার দুরন্ত অর্ধশতরানে জয় পায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, এদিকে বাংলার আর এক ক্রিকেটার শাহবাজ আহমেদের বোলিংয়ের জেরে সহজে জিততে পারেনি দিল্লি ক্যাপিটালস। আর এই নিয়ে এবার বাংলার অভিজ্ঞ ক্রিকেটাররা প্রশ্ন করছেন, কেন কলকাতা নাইট রাইডার্স দলে বাঙালিদের সুযোগ দেওয়া হয় না?
এই নিয়ে নিজের বক্তব্য জানিয়েছেন মনোজ তিওয়ারি। তিনি বলেছেন, “ফ্র্যাঞ্চাইজিদের স্থানীয় ক্রিকেটারদের নেওয়া তো অবশ্যই উচিত। বাংলার ক্রিকেটাররা কেকেআরে না খেলে অন্য ফ্র্যাঞ্চাইজিতে খেলছে। মহম্মদ শামি, শাহবাজ আহমেদ, ঋদ্ধিমান সাহা। অন্তত পাঁচ-ছ’জন বাংলা ক্রিকেটার কেকেআর জার্সিতে অনায়াসে খেলতে পারে। সায়ন ঘোষ বলে একটা পেসার ছিল। জানি না কেন ওকে কেকেআর ছেড়ে দিল। আমার বক্তব্য হল, অন্য ফ্র্যাঞ্চাইজি যদি বাংলা ক্রিকেটারদের বিশ্বাস করতে পারে, তা হলে কেকেআর পারছে না কেন? কারণটা কী? লোকের তো জানা উচিত। এটা ঠিক নয়।”
এছাড়া বাংলার তারকা পেসার অশোক দিন্দা বলেছেন, “২০১৬ সালে চোট পেয়েছিলাম বলে কোনও টিম আমাকে নেয়নি। কিন্তু ২০১৭ সালে আমি তো করে দেখিয়েছি। বাইরের যে সব ক্রিকেটারদের নেওয়া হয়েছে, যাদের একজনের স্ট্রাইক রেট ৬৫! ৬৫ স্ট্রাইক রেট নিয়ে কেউ যদি কেকেআরে ডাক পায়, কিছু বলার নেই। আর যাদের নিচ্ছে, তাদেরও তো ঠিক করে খেলানো হচ্ছে না। সিদ্ধেশ লাডকে খেলানো হল না। অর্থাৎ, যাদের নিচ্ছ তারাও খেলছে না। আবার বাংলার ক্রিকেটাররাও সুযোগ পাচ্ছে না। এটা কেন হবে? টিমটা এমনই যে, ভাল কোনও পরিবর্তও নেই।”






