এবারের আইপিএল এ খুব একটা ভালো পারফর্ম করছে না রাজস্থান রয়্যালস। প্রথম দুই ম্যাচ দারুণ খেললেও এরপর যেন ফর্ম একেবারে পড়তির দিকে রয়েছে রাজস্থানের। ব্যাট হাতে অধিনায়ক স্টিভ স্মিথও ব্যর্থ। তবে অধিনায়কের চাপ কমাতে কি এবার স্টিভ স্মিথকে ক্যাপ্টেন্সি থেকে সরাতে চলেছে রাজস্থান? জল্পনা বাড়ল তাদের একটি টুইটে।
একটি টুইট করেছিল রাজস্থান, যেখানে তাদের উইকেটকিপার ব্যাটসম্যান জস বাটলার চা খাচ্ছিলেন। ক্যাপশনে লেখা ছিল, জসের মত বস পেয়ে আমরা কৃতজ্ঞ। আর এই নিয়ে নেটদুনিয়া আলোচনায় লেগে পড়েছিল, তবে কি স্মিথের জায়গায় বাটলারকে অধিনায়কত্ব দেওয়া হবে?
যদিও এই গোটা বিষয়কে গুঞ্জন হিসেবেই উড়িয়ে দেয় রাজস্থান রয়্যালস নিজেই। কিছুক্ষণ পরেই আবারও একটি টুইট করে তারা লিখেছে, যখন অ্যাডমিন বুঝতে পারে সে একটি ভুল গুজব রটিয়েছে। অর্থাৎ অধিনায়কত্ব বদল নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি রাজস্থান।






