গতকাল কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে গুরুতর চোট পান ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। দ্বিতীয় ওভারে একটি বাউন্ডারি বাঁচাতে গিয়ে চোট পান রাসেল। সঙ্গে সঙ্গে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এবং তার পরিবর্তে আসেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্রিস গ্রিন।
কিন্তু রাসেলের চোট কেমন, সেই নিয়ে চিন্তিত কেকেআর শিবির, যদিও খুব একটা আশ্বাসের বার্তা দিতে পারলেন না অধিনায়ক দীনেশ কার্তিক। বরং কিছুটা ঘুরিয়ে কথা বলে বুঝিয়ে দিলেন, চোট যথেষ্ট গুরুতর। তিনি জানিয়েছেন, “”যখনই আন্দ্রে রাসেল চোট পান, আপনাকে বুঝতে হবে যে এবার কাজটা কঠিন হতে চলেছে। রাসেল অত্যন্ত স্পেশাল একজন খেলোয়াড় এবং অত্যন্ত স্পেশাল একজন মানুষ। আমাদের ওনার কাছে যাওয়া উচিত আর ওনার দেখভাল করা উচিত।”
এমনিতেও ব্যাট হাতে খুব একটা সাফল্যের মধ্যে নেই আন্দ্রে রাসেল। ছয় ম্যাচে মাত্র ৫৫ রান করেছেন তিনি। তবে বল হাতে কিছুটা হলেও কাজ করে দিয়ে যাচ্ছেন রাসেল।






