করোনা আক্রান্তদের আর্থিক সহায়তা করতে এবার আসরে নামল ফেসবুক। তাদের এই উদ্যোগে সামিল হবেন একঝাঁক বলিউড তারকা ও ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা।
সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে অর্থ জোগাড় করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কাছে তা পৌঁছে দিতে বদ্ধপরিকর মার্ক জুকারবার্গের সংস্থা আর তাই অনলাইনেই কনসার্টের আয়োজন করা হয়েছে। মানুষ বাড়ি বসে মোবাইলের স্ক্রিনে চোখ রেখেই উপভোগ করতে পারবেন গোটা একটি লাইভ শো। মনোরঞ্জন তো হবেই, সেই সঙ্গে যে অর্থ উঠে আসবে, তা তুলে দেওয়া হবে গিভ ইন্ডিয়া ফাউন্ডেশনের হাতে। যা দরিদ্রদের প্রয়োজনে খরচ করা হবে। এমনই বিরাট মাপের এক কনসার্টের আয়োজন করেছে ফেসবুক। যার পোশাকি নাম আই ফর ইন্ডিয়া (IForIndia)। রবিবার ঠিক সন্ধে সাড়ে ৭টায় শুরু লাইভ কনসার্ট। সাড়ে চার ঘণ্টা ধরে মনোরঞ্জন করবেন বলিদুনিয়ার তাবড় তাবড় তারকারা। সুপারস্টার শাহরুখ খান, আমির খান, অক্ষয় কুমার, অনুষ্কা শর্মা, ঐশ্বর্য রাই বচ্চন, মাধুরি দীক্ষিত, প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের মতো সেলেবরা লাইভ পারফর্ম করবেন। এছাড়াও এ.আর. রহমান, অরিজিৎ সিং, সোনু নিগম, শ্রেয়া ঘোষাল, সুনিধি চৌহানের মতো গায়ক-গায়িকাদের পারফরম্যান্স দেখা যাবে বাড়ি বসেই। বিনোদুনিয়ার তারকাদের সঙ্গে এই মহৎ কর্মযজ্ঞে হাজির ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং সহ অধিনায়ক রোহিত শর্মাও।
ভারত অধিনায়ক ইনস্টাগ্রামে কনসার্টের ব্যাপারে একটি পোস্টও করেন। লেখেন, “সপ্তাহ দুয়েক আগে থেকেই দেশের সবচেয়ে বড় কনসার্টের আয়োজন করছি। লকডাউনে বাড়িতে থাকা মানুষগুলির জন্যই এই বিশেষ উদ্যোগ। পাশাপাশি এর মধ্যে দিয়ে করোনা-যোদ্ধাদেরও কুর্নিশ জানানো হবে। আর কনসার্ট থেকে জোগাড় হওয়া অর্থ দুস্থদের প্রয়োজনে ব্যবহার করা হবে। কিন্তু অনুষ্ঠানের ক’দিন আগেই আমরা দুই তারকাকে হারালাম। ইরফান খান ও ঋষি কাপুর। জীবনটা এমনই। কিন্তু আমাদের কাজটা আমাদের করে যেতেই হবে। তাই সকলে একজোট হয়ে গলা মেলাব। লড়ব করোনার বিরুদ্ধে। আপনারাও এগিয়ে আসুন। অনুদান দিন।”





