করোনার জেরে দেশজুড়ে শুরু হতে চলেছে তৃতীয় দফার লকডাউন। এই লকডাউনের মেয়াদ থাকবে পরবর্তী দু-সপ্তাহ। লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণা হয়েছে শুক্রবার। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ২,২৯৩ জন। মৃত্যু হয়েছে ৭১ জনের। ফলে মোট মৃতের সংখ্যা ১২১৮। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেব অনুযায়ী, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩৭,৩৩৬।
করোনা মোকাবিলায় লকডাউনের জেরে মানুষ এখন গৃহবন্দী। গত ২৫শে মার্চ থেকে অধিকাংশ মানুষের জীবিকাও প্রায় বন্ধের খাতায়। এখনো অবধি করোনার প্রভাবে বিধ্বস্ত হওয়া রাজ্যগুলির মধ্যে প্রথম তিনটি হলো মহারাষ্ট্র, গুজরাত ও দিল্লির। এই তিনটি রাজ্যে সংক্রমণ ও মৃত্যু দুই ক্রমবর্ধমান। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। তার মধ্যে মৃত্যু হয়েছে ৪৮৫ জনের। এবার করোনা মোকাবিলার স্বার্থে অভিনব উদ্যোগ নিল মহারাষ্ট্র সরকার। মুম্বইয়ের পথে নামল মোবাইল করোনা টেস্টিং বাস। শুক্রবার ওই বাসের উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে, পরিবেশমন্ত্রী আদিত্য ঠাকরে, বৃহন্মুবই মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার প্রভিন পরদেশি। তবে শারীরিকভাবে উপস্থিত থেকে নয় বরং তথ্যপ্রযুক্তির মাধ্যমেই এই বাসের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রীরা।
জানা গিয়েছে, করোনার টেস্টে রোগীর সংখ্যা সামাল দিতেই এই বিশেষ বাস। ভিডিয়ো কনফারন্সের মাধ্যমে বাসটি উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রীমন্ডল। ওরলির ন্যাশানাল স্পোর্টস ক্লাব থেকে এদিন এই বিশেষ বাসটি যাত্রা শুরু করে।
এই বাসটি অন্য সব বাসের থেকে একটু আলাদা। এই বাসের মধ্যে রয়েছে করোনা মোকাবিলার সরঞ্জাম। এক নজরে দেখে নেওয়া যাক সেগুলি কি?
গোটা বাসটি হল একটি চলন্ত অত্যাধুনিক করোনাভাইরাস টেস্টিং ল্যাব। যেখানে রয়েছে করোনা পরীক্ষার জন্য অত্যাধুনিক সরঞ্জাম। পাশাপাশি রয়েছে এক্স রে মেশিন। দেশের মধ্যে মুম্বইতে প্রথম মোবাইল করোনা টেস্টিং ল্যাব চালু হল। মহারাষ্ট্রের পর দেশের অন্যান্য শহরেও চালু হতে পারে এই বিশেষ বাস।
প্রসঙ্গত, মোবাইল করোনা টেস্টিং ল্যাব প্রস্তুত করা হয়েছে ঘনজনবসতিপূর্ণ এলাকা এবং বস্তি এলাকায় মানুষের করোনা পরীক্ষার স্বার্থে। এই বাসে খুব কম সময়ের মধ্যে অনেক রোগীর টেস্ট করা সম্ভব বলেই আশা করা হচ্ছে।





