চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ডের মধ্যে চার টেস্টের সিরিজের প্রথম টেস্ট ম্যাচ চলছে। সোমবার ম্যাচের চতুর্থ দিন শেষ। দ্বিতীয় ইনিংসে ভারত এক উইকেট হারিয়ে ৩৯ রান করেছে। শুভমান গিল ১৫ এবং চেতেশ্বর পূজারা ১২ রান করে ক্রিজে অপরাজিত রয়েছেন। ১২ রান করে জ্যাক লিচের শিকার হন রোহিত শর্মা, প্রথম ইনিংসের পর আবারও ব্যর্থ তিনি। এখনও জয়ের জন্য টিম ইন্ডিয়াকে ম্যাচের শেষ দিন ৩৮১ রান করতে হবে এবং ইংল্যান্ডের চাই নয় উইকেট। ম্যাচটি খুব উত্তেজনাপূর্ণ মোড়ে পৌঁছে গিয়েছে এবং ম্যাচের পঞ্চম দিনে প্রথম সেশনটি দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে।
প্রথম সেশনে যে দল আধিপত্য করবে, তাদের পক্ষে ম্যাচ জয়ের সম্ভাবনাও বাড়বে। খেলার চতুর্থ দিনের পরে ম্যাচের তিনটি ফলাফলই সম্ভব, ভারত বা ইংল্যান্ড জিততে পারে বা ম্যাচটিও ড্র হতে পারে। ইংল্যান্ড দল প্রথম ইনিংসে ভারতের বিরুদ্ধে ২৪১ রানের জোরালো লিড নেয়, প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া ৩৩৭ রানে অলআউট হয়েছে। ভারতের হয়ে ঋষভ পন্থ ৯১, ওয়াশিংটন সুন্দর ৮৫ ও চেতেশ্বর পূজারা ৭৩ রান করেছে। ইংল্যান্ডের হয়ে ডমিনিক বেস সর্বোচ্চ চারটি এবং ল্যাক লিচ, জোফ্রা আর্চার, জেমস অ্যান্ডারসন দুটি করে উইকেট নেন। ফ্ল্যাট পিচ পেয়ে প্রথম ইনিংসে পাহাড় সমান রান করেছে ইংল্যান্ড দল।
তৃতীয় দিনের শুরুর দিকে ৫৭৮ রানে অলআউট হয় ইংল্যান্ড। হতাশাজনক ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের পারফরম্যান্স। অধিনায়ক জো রুট সহ অন্যান্য ইংল্যান্ড ব্যাটসম্যানরা ব্যর্থ হলে দল ১৭৮ রানে অলআউট হয়ে যায়। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ড্যানিয়েল লরেন্সের উইকেট নেওয়ার পরে পেস বোলার ইশান্ত শর্মা নতুন রেকর্ড গড়লেন। টেস্ট ক্রিকেটে তিনি ৩০০ উইকেট শিকারী। এই মাইলস্টোন ছোঁয়া তিনি ভারতের তৃতীয় পেস বোলার।






