আহমেদাবাদের বিশ্বের বৃহত্তম নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে বাজিমাত ভারতের। মাত্র দ্বিতীয় দিনেই টেস্ট ম্যাচ ১০ উইকেটে জিতল ভারত। রোহিত শর্মা একটি ছক্কার সাহায্যে টিম ইন্ডিয়াকে জয়ের জায়গায় পৌঁছে দিল। জয়ের জন্য ভারতের সামনে ৪৯ রানের লক্ষ্য দিয়েছিল ইংল্যান্ড। যা ৭.৪ ওভারে উইকেট না হারিয়ে ভারত অর্জন করে নেয়।
এই ম্যাচে আর অশ্বিন নিজের টেস্ট কেরিয়ারের ৪০০ তম টেস্ট উইকেট নিয়েছেন এবং নিজের হোম গ্রাউন্ডে অক্ষর প্যাটেল মোট ১১ টি উইকেট নিয়েছেন (প্রথম ইনিংসে পাঁচটি এবং দ্বিতীয় ইনিংসে ছয়টি)। প্রথম ইনিংসে রোহিত ৬৬ রান করেছিলেন এবং দ্বিতীয় ইনিংসে ২৫ রান করেন। নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই স্পিনাররা আধিপত্য বিস্তার করেছিলেন। তবে ভারতীয় স্পিনার আর অশ্বিন এবং অক্ষর প্যাটেল ইংল্যান্ডকে ম্যাচের লিড নেওয়ার সুযোগ দেয়নি।
পিঙ্ক বল টেস্ট ম্যাচটি শেষ হয়েছে মাত্র দুদিনের মধ্যেই। এই জয়ের সাথে ভারতীয় দল সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে। এই ম্যাচটি দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ ছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে উভয় দলকেই এই ম্যাচটি জিততে হত, এই জয়ের সাথে ভারতের ফাইনালে ওঠার সম্ভাবনা বেড়ে গিয়েছে। নিউজিল্যান্ড ইতিমধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছে।





