তৃণমূলের শান্তি মিছিলে হাঁটলেন মণীশ শুক্ল খুনের ঘটনায় অভিযুক্ত দুই পুরপ্রশাসক, ঘনাল বিতর্ক!

টিটাগড় এর জনপ্রিয় বিজেপি নেতা মণীশ শুক্লকে খুনের ঘটনায় আঙ্গুল উঠেছিল তৃণমূলের দিকে। এবার তৃণমূল আয়োজিত ব্যারাকপুর শিল্পাঞ্চলের শান্তি মিছিলে হাঁটলেন এই খুনের ঘটনায় দুই অভিযুক্ত! এই বিষয়ে কে ঘিরে এবার শোরগোল পড়ল রাজ্য রাজনীতিতে।

এইদিন টিটাগড় থেকে মিছিল শুরু হয়ে ব্যারাকপুরের চিড়িয়ামোড়ে তৃণমূলের মিছিল শেষ হয়। এই মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন দমদমের সাংসদ সৌগত রায়,খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, কলকাতার পুর প্রশাসক তথা পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম, মদন মিত্র সহ অন্যান্যরা। এই মিছিলেই দেখা যায় ব্যারাকপুর এর পুর প্রশাসক উত্তম দাস এবং টিটাগড় এর পুর প্রশাসক প্রশান্ত চৌধুরীকে যাদের বিরুদ্ধে মণীশ শুক্লকে খুনের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। মিছিল শেষে চিড়িয়ামোড়ে এক সভায় ফিরহাদ হাকিম হুঁশিয়ারি দিয়ে বলেন, “বাংলাকে উত্তরপ্রদেশ, বিহার বানাতে চাইছে বিজেপি। সেই উদ্দেশ্য সফল হবে না।”

অন্যদিকে গোটা বিষয়ে বিজেপির কটাক্ষ, খুনের রাজনীতি করে এখন শান্তি মিছিল করছে তৃণমূল। এই মিছিলে কী করে এই খুনের ঘটনায় অভিযুক্ত দুজন হাঁটতে পারে? অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “১৬ অক্টোবর জগদ্দল ও নোওয়াপাড়ায় আরও দুটি শান্তি মিছিল হবে। ১৭ অক্টোবরও মিছিল হবে।”

যদিও এই মিছিলে মণীশ শুক্ল খুনের এফআইআর-এ নাম থাকা ব্যারাকপুরের পুরপ্রশাসক উত্তম দাস ও টিটাগড়ের পুরপ্রশাসক প্রশান্ত চৌধুরীর নাম নিয়ে এদিন তৃণমূল নেতৃত্বের দাবি, এঁদের বিরুদ্ধে অযথা অভিযোগ করা হয়েছে। এই ঘটনার সঙ্গে এঁরা কোনওভাবেই যুক্ত নয়।
গোটা ঘটনা নিয়ে ফের একবার শুরু হয়েছে তৃণমূল এবং বিজেপির তরজা।

আরও অন্যান্য খবর