টিকতে পারলেন না বাকি ব্যাটসম্যানরা, ব্যাট হাতে চমক বুমরাহের

ওয়ানডে এবং টি- ২০ সিরিজের পরে ভারতীয় ক্রিকেট দল এখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের বর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজ খেলার প্রস্তুতি নিচ্ছে। টেস্ট ম্যাচে পারফরম্যান্সের উন্নতি করতে এবং পরিবেশের সাথে সামঞ্জস্য রাখতে ভারতীয় দল দুটি প্রস্তুতি ম্যাচ খেলছে। যার মধ্যে প্রথম প্রস্তুতি ম্যাচ ড্র হয়। আর দ্বিতীয় ম্যাচ আজ থেকে সিডনিতে শুরু হয়েছে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারত মাত্র ১৯৪ রানে অলআউট হয়ে যায়। ভারতের হয়ে জসপ্রীত বুমরাহ ৫৫ রান করে করেছেন, যা ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ।

 

তিন দিনের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বিরাট কোহলিকেও বিশ্রাম দেওয়া হয়েছে। অজিঙ্ক রাহানে ভারতীয় দলের নেতৃত্বে রয়েছেন। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে পৃথ্বী শ এবং মায়াঙ্ক আগরওয়াল ভারতের হয়ে ইনিংস শুরু করেছিলেন। মায়াঙ্ক আগরওয়াল মাত্র ২ রানে আউট হন। তবে তখন শুভমান গিল এবং পৃথ্বী শ ব্যাট করছিলেন। ২৯ বলে ৪০ রান করা পৃথ্বী শ সদরল্যান্ডের বলে আউট হন এবং ৪৪ রান করে শুভমান গিলকে আউট করেন ক্যামেরন গ্রিন। এর পরে পুরো ভারতীয় দল আর টিকতে পারেনি। তবে শেষ পর্যন্ত জসপ্রীত বুমরাহ ৫৭ বলে ৫৫ রান করে শেষ অবধি অপরাজিত থাকেন।

 

ভারতের শেষ উইকেট পড়ে মহম্মদ সিরাজের। সিরাজ আউট হওয়ার আগে ২২ বলে ৩৪ রান করেছেন। ভারতীয় দল অলআউট হয়ে যাওয়ার পরে অস্ট্রেলিয়া এ দল ব্যাট করতে নেমে ভাল শুরু করতে পারেনি। জো বার্নস শূন্য রানে আউট হন। ভারতীয় বোলারদের কাছে মাত্র ১০৮ রানে আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। দিনের শেষে ভারতীয় বোলার মহম্মদ শামি ও নবদীপ সাইনি তিন উইকেট নেন, বুমরাহ দুই উইকেট নেন এবং সিরাজ এক উইকেট নিয়েছেন।

RELATED Articles