আইসিসি তাদের সর্বশেষ টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিং প্রকাশ করেছে। ভারত ও ইংল্যান্ডের মধ্যে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটসম্যানদের পারফরম্যান্স এবং পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দুটি ম্যাচ সেই র্যাঙ্কিংয়ে প্রভাব ফেলেছে। ইংল্যান্ডের অধিনায়ক জো রুট ভারতের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে তালিকার প্রথম দুইয়ে চলে এসেছে।
পাক ব্যাটসম্যান বাবর আজমও র্যাঙ্কিংয়ে এগিয়ে এসেছে। একই সঙ্গে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি দ্বিতীয় ইনিংসে একটি অর্ধশতক করলেও তিনি র্যাঙ্কিংয়ে এক স্থান পিছিয়ে পাঁচ নম্বরে চলে গিয়েছেন। নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন রয়েছেন এক নম্বর টেস্ট ব্যাটসম্যান হিসেবে। অন্যদিকে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ রয়েছেন দ্বিতীয় নম্বরে।
মারনাস লাবুশানে এক স্থান পিছিয়ে চার নম্বরে গিয়েছেন। র্যাঙ্কিংয়ে চেতেশ্বর পূজারাও পিছিয়ে গিয়েছেন। পূজারা এসেছেন সাত নম্বরে। শীর্ষ দশ ব্যাটসম্যানদের তালিকায় রয়েছেন ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে। ইংল্যান্ড বেন স্টোকস নয় নম্বরে চলে এসেছেন।





