এই বছরে আইপিএলে প্লে-অফের রাস্তা পাকা করতে হলে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে জেতা জরুরি ছিল নাইটদের। কিন্তু জেতা তো দূর, একেবারে লজ্জাজনক হারের সম্মুখীন হল ইয়ন মর্গ্যানের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স দল। প্রথমে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে কলকাতা নাইট রাইডার্স ৮ উইকেট হারিয়ে তুলল মাত্র ৮৪। মাত্র ১৪ রানের মাথায় ৪ উইকেট পড়ে যায় কেকেআরের। টপ অর্ডার সহ গোটা ব্যাটিং লাইন আপই ব্যর্থ হয় এদিন। অসাধারণ বোলিং প্রদর্শন মহম্মদ সিরাজের।
সিরাজের বোলিং ফিগার ৪-২-৮-৩। এই বোলিংয়ের জন্য সিরাজ আজ ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারও পান। সিরাজের পরই নাইট দলে ভাঙন ধরান আরসিবি স্পিনার যুজবেন্দ্র চাহাল। অধিনায়ক বিরাট যখনই তাকে বোলিং আক্রমণে নিয়ে আসেন তখনই নিজের দায়িত্ব ভালো ভাবেই পালন করেন চাহাল। পাওয়ারপ্লে-র কেকেআর তোলে মাত্র ১৭ রান।
তবে কম টোটাল হলেও এদিন বেশ হতাশ করেছে ইয়ন মর্গ্যানের ক্যাপ্টেন্সি। ম্যাচ জেতা না গেলেও ঠিক সময়ে ঠিক বোলারকে আক্রমণে এনে চাপে রাখা যেত বিরাটদের। যার চেষ্টা খুব একটা করলেন না মর্গ্যান। ৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দেবদূত পাডিক্কাল রান আউট হন এবং অ্যারন ফিঞ্চকে আউট করেন লকি ফ্যার্গুসন। তারপর বিরাট ও গুরকিরত অপরাজিত থেকে ম্যাচ জিতে শেষ করেন। যদিও ব্যাট হাতে মর্গ্যান একাই লড়াই করছিলেন আরসিবির বোলিংয়ের বিরুদ্ধে। দলের হারের পর এবার মনে করা হচ্ছে আবার কি কার্তিককেই অধিনায়কের দায়িত্বে ফিরিয়ে আনা হবে?





