আইসিসি টি-২০ বিশ্বকাপের স্থগিতাদেশের খবর আসার পরেই বিসিসিআই সিদ্ধান্ত নেয় আরবে হবে আইপিএল ২০২০। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হবে আইপিএল-এর ত্রয়োদশ সংস্করণ। আর সেই আইপিএল শুরুর আগেই ঘটল বিপত্তি। চেন্নাই সুপার কিংসের পেস বোলার এবং দলের সাপোর্ট স্টাফের ১২ জন সদস্য আইপিএল ২০২০ শুরুর কয়েক সপ্তাহ আগেই দুবাইয়ে করোনা ভাইরাস পরীক্ষা করেছেন এবং তাদের রিপোর্ট পজিটিভ আসে।
আগেই পাওয়া গিয়েছিল আশঙ্কার খবর যে আমিরশাহিতে বাড়ছে করোনা সংক্রমণ। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী বায়ো সিকিওর বুদবুদে থাকতে হবে আইপিএল ফ্রাঞ্চাইজিগুলিকে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে নিজস্ব বুদবুদ তৈরি করতে হবে। ছয় দিনের কোয়ারান্টাইন পর্ব চলাকালীন পরীক্ষা করা হয় তিনবার। চেন্নাই সুপার কিংসের সমস্ত সদস্য যারা কোভিড- ১৯ পজিটিভ তারা এখন স্থিতিশীল এবং আইসোলেশনে রয়েছেন।
সাপোর্ট স্টাফদের মধ্যে রয়েছে দলের সোশ্যাল মিডিয়া টিমও। বিসিসিআইয়ের স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী চেন্নাই দল সমস্ত সুরক্ষা প্রোটোকল অনুসরণ করছে। এই দুবাইয়েই সম্প্রতি নিজেদের অনুশীলন শুরু করতে চলেছিল সিএসকে দল।





