BREAKING: দিল্লিকে হারিয়ে বাজিমাত, পঞ্চমবার আইপিএল খেতাব জয়ী মুম্বই

দুবাইয়ের মাঠে আইপিএল ২০২০ এর ফাইনালে মুখোমুখি হয়েছিল গতবারের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস। আর এবারও বাজিমাত করল গত বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচ উইকেটে ফাইনালে জয়ী হল হিটম্যানের দল। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক শ্রেয়াস আইয়ার। শুরুতেই মুম্বই বোলার ট্রেন্ট বোল্টের বলে ঝটকা লাগে দিল্লির। শূন্য রানে আউট হয়ে ফিরে যান দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যান অফ দ্য ম্যাচ মার্কাস স্টয়নিস। ২২ রানে তিন উইকেট হারিয়ে দিল্লির উপর যখন ভারি মুম্বই ইন্ডিয়ান্স তখনই পার্টনারশিপ শুরু করেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও ঋষভ পন্থ। মুম্বইয়ের হয়ে তিন উইকেট নেন বোল্ট।

এই দুইজনের পার্টনারশিপে ৯৬ রান যোগ করে দিল্লি। প্রায় গোটা টুর্নামেন্ট ফ্লপ গিয়েও ফাইনালে ভালো খেললেন ঋষভ পন্থ। চারটি চার ও দুটি ছক্কা হাঁকিয়ে ৩৮ বলে ৫৬ রান করেন তিনি। অধিনায়ক শ্রেয়াস আইয়ার ৫০ বলে ৬৫ রান করে দিল্লিকে ভালো জায়গায় পৌঁছে দেয়। সাত উইকেট হারিয়ে দিল্লি ১৫৬ রান করে। এরপর রান তাড়া করতে নেমে মুম্বই পাওয়ার প্লে-র আগেই কুইন্টন ডি-ককের (১২ বলে ২০) উইকেট হারায়। সূর্য কুমার যাদব দুর্ভাগ্যজনক ভাবে রান আউট হলেন কিন্তু এরপর রোহিত শর্মাও এদিন ভালো ইনিংস খেলেন। যদিও ফিনিশ করতে পারলেন না।

৫১ বলে ৬৮ রান করে নোখিয়ার বলে আউট হয়ে ফেরেন রোহিত। পোলার্ডও দুটো চার মেরে রাবাডার বলে বোল্ড হন। তবে মুম্বইয়ের মতো দলের পক্ষে ১৫৬ রান তাড়া করা খুব একটা কঠিন ছিল না। ফাইনালের চাপ কাটিয়ে সহজেই তা করে ফেলে মুম্বই। সেই সঙ্গে রোহিতের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্সের মুকুটে পঞ্চম বার আইপিএল খেতাব জয়ের পালক।

RELATED Articles