২০১১ সালে আইপিএল নিলামে অবিক্রিত থাকতে হয়েছিল প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। আইপিএলের প্রথম তিন বছর কলকাতার হয়েই খেলেছিলেন সৌরভ। সেই বিতর্কিত ঘটনা নিয়েই এবার মুখ খুললেন কেকেআর সিইও বেঙ্কি মাইসোর। তিনি বলেন, “সৌরভকে না নেওয়ার সিদ্ধান্তটা আমার ছিল। আমি পুরোপুরি বাইরে থেকে এসেছিলাম। তাই এই সিদ্ধান্ত নিতে সমস্যা হয়নি।”
তিনি আরও যোগ করেছেন, “যদি আমি কেকেআরের সঙ্গে এক, দুই বা তিন বছর ধরে থাকতাম তাহলে ওই সিদ্ধান্তটা নেওয়া আমার পক্ষে খুব কঠিন হত। টিম ম্যানেজমেন্ট এবং দলের মালিকদের তরফে এটা করা অনেক বেশি কঠিন ছিল। ব্যক্তিগতভাবে আমার জন্য এই সিদ্ধান্ত নেওয়াটা কখনওই কঠিন ছিল না। কারণ আমি তখনও সৌরভের সঙ্গে অতটা জড়িত ছিলাম না।”
এই বিতর্ক নিয়ে এতদিন পর বিস্ফোরক মন্তব্য করলেন কেকেআর সিইও। ২০১১ সালের আইপিএল নিলামে সৌরভ অবিক্রিত থাকায় তাঁর ভক্তরা ক্ষোভে ফেটে পড়েন। এবার কেকেআর ম্যানেজমেন্টের এই মন্তব্যে আরও ক্ষোভ বাড়তে পারে সৌরভ অনুরাগীদের।






