দিনটা ছিল ১৯ সেপ্টেম্বর। ভারত বনাম ইংল্যান্ড, ২০০৭ টি২০ বিশ্বকাপ। অ্যান্ডু ফ্লিনটফ ওভারের মাঝে এসে কি যেন বলে গেলেন সদ্য ব্যাটিং করতে নামা যুবরাজ সিংকে। আর তারপর বাকিটা ইতিহাস। স্টুয়ার্ট ব্রডকে ছয়টি ছয় মেরে ইতিহাস গড়েছিলেন যুবরাজ সিং। আর তার সাথে টি২০ ক্রিকেটে দ্রুততম অর্ধশতরানের রেকর্ডও গড়েছিলেন তিনি।
যুবরাজ শেষমেশ তাঁর ধ্বংসাত্মক ইনিংস শেষ করেন ১৬ বলে ৫৮ রানে। মোটে ১৪ মিনিট ক্রিজে ছিলেন তিনি। মারেন ৩টি চার ও ৭টি ছক্কা। তার সেই দুর্ধর্ষ ইনিংসের দৌলতে ভারত তোলে ২১৮ রান, যা সেই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ইংল্যান্ডকে পরাস্ত করার জন্য যথেষ্ট ছিল।
যদিও ইংল্যান্ড দারুণ চেষ্টা করেছিল, কিন্তু ১৮ রানে ম্যাচ জেতে ভারত। আজকের দিনের সেই ঐতিহাসিক ঘটনার কথা আজও মনে করেন ক্রিকেটপ্রেমীরা। যুবরাজের ছয়টি ছয় এবং তার সাথে রবি শাস্ত্রীর স্মরণীয় কমেন্ট্রি আজও কানে বাজে।
এদিনের বিশেষত্বকে প্রাধান্য দিয়ে জোড়া টুইটে আইসিসি কুর্নিশ জানায় যুবরাজের এমন অনন্য কীর্তিকে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা লেখে, ‘যখন যুবরাজ সিং ব্যাট করতে আসে, ভারত ৩ উইকেটে ১৫৫ রানে দাঁড়িয়েছিল। বাকি ছিল ২০টি বল। তারা ইনিংস শেষ করে ৪ উইকেটে ২১৮ রানে। ২০০৭ সালে এই দিনেই যুবরাজের ১৬ বলে ৫৮ রানে ভর করে টি-২০ বিশ্বকাপের ম্যাচে ভারত ইংল্যান্ডকে পরাজিত করে।’






