বিসিসিআই-এর নিয়ম অনুযায়ী, অবসর নেওয়ার আগে কোনও ভারতীয় ক্রিকেটার বিদেশের কোনও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারবে না এবং খেলতে গেলে বোর্ডের অনুমতি প্রয়োজন। কিন্তু তা অমান্য করে আবু ধাবি টি-১০ লিগ খেলায় সাসপেন্ড হয়েছিলেন ৪৮ বছরের স্পিনার প্রবীণ তাম্বে। যার জেরে ২০ লক্ষ টাকা দিয়ে কিনলেও তাকে পাচ্ছে না কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এবার নতুন ভূমিকায় দলের সাথে যোগ দেবেন তিনি।
ইনস্টাগ্রামের লাইভ সেশনে নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোর জানান, খেলোয়াড় হিসেবে নয়, কোচিং স্টাফের সাথে যুক্ত হয়ে দলের সাথে শিবিরে থাকবেন প্রবীণ তাম্বে।
সম্প্রতি প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে মাঠে নেমে ইতিহাস গড়েছিলেন প্রবীণ তাম্বে। ট্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে এই মরশুমে সিপিএল জিতেছেন তাম্বে।





