ভারতীয়দের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা থেকে কিছুতেই বিরত থাকতে পারেন না প্রাক্তন পাকিস্তান অধিনায়ক শাহিদ আফ্রিদি। দিন কয়েক আগেই ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেছিলেন এই পাক ক্রিকেটার। যা নিয়ে আফ্রিদিকে পালটা তোপ দেগেছিলেন আকাশ চোপড়া।
কিন্তু আফ্রিদিা থামবার নয়। এবার ফের বিতর্কিত মন্তব্য করে শোরগোল ফেললেন তিনি। তাঁর নতুন বিতর্কিত মন্তব্য হলো শোয়েব আখতারকে নাকি খেলতে ভয় পেতেন ক্রিকেটের ভগবান শচীন তেণ্ডুলকর। ৯ বছর আগে শোয়েব আখতারের একটা মন্তব্যকে হাতিয়ার করেই নতুন করে বিতর্কের সৃষ্টি করেছেন আফ্রিদি।
২০১১ সালে শোয়েব আখতার তাঁর বই ‘কন্ট্রোভার্সিয়ালি ইওরস’-এ লিখেছিলেন, শচীন তাঁর বল খেলতে ভয় পেতেন। তখন আফ্রিদি তাঁর সতীর্থকে সমর্থন করেছিলেন। সেইসঙ্গে বলেছিলেন, ‘স্কোয়্যার লেগে ফিল্ডিং করার সময় আমি দেখেছি, শোয়েবকে খেলার সময় শচীনের পা কাঁপত।’ পাকিস্তানের জনৈক সাংবাদিক জয়নাব আব্বাস সেই প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করেছিলেন আফ্রিদিকে। তখন প্রাক্তন পাক অধিনায়ক উত্তরে বলেন, ‘শচীন তো নিজে বলবে না ওর ভয় পাওয়ার কথা। শুধু শচীন নয়, বিশ্বের অনেক ব্যাটসম্যানই কিন্তু শোয়েবের বল খেলতে ভয় পেত। মিড অফে বা কভারে ফিল্ডিং করার সময় আমি বুঝতে পারতাম। ক্রিকেটারদের শরীরী ভাষা দেখলেই বোঝা যায় যে সে চাপে আছে। নিজের সেরা ছন্দে নেই সেটা বোঝা যায়। শোয়েবের সব বল খেলতে ভয় পেত শচীন সেটা বলব না। তবে শোয়েবের এমন কিছু স্পেল ছিল যা খেলতে শচীনের মতো অনেক ব্যাটসম্যানই ভয় পেয়ে ব্যাকফুটে চলে যেত।’ বিশ্বকাপে তরুণ পাক স্পিনার সইদ আজমলকেও নাকি খেলতে ভয় পেত শচীন, এমনটাই দাবি আফ্রিদির।
প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের ক্রিকেট থেকে কূটনীতি, সব বিষয়েই ‘নাক গলাতে’ দারুণ ভালবাসেন বুমবুম। ‘বাজে বকা’র জন্য বিতর্কেও জড়ান। কিন্তু সেসবে বিশেষ আমল না দিয়েই একের পর এক মন্তব্য করেন।






