অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন প্রথম টেস্টে ভারতীয় দলের হয়ে কে উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলাবেন, এই নিয়ে চলছে জোর জল্পনা। ঋদ্ধিমান সাহা নাকি ঋষভ পন্থ, কার উপর পড়বে এই দায়িত্ব? এই নিয়ে আলোচনা তুঙ্গে। কিন্তু অ্যাডিলেডে প্রথম টেস্টে ঋদ্ধিমান সাহাকে দেখতে চাইছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকর।
এক নেটিজেন টুইটারে সঞ্জয় মাঞ্জরেকরকে মেনশন করে প্রশ্ন করেন, প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম পছন্দের উইকেটকিপার কে হবেন? এই প্রশ্নের জবাবে সঞ্জয় মাঞ্জরেকর টুইটারে বলেছেন, “টেস্টে সবসময় কিপিং স্কিলই গুরুত্বপূর্ণ। স্টিভ স্মিথকে শুরুতেই ড্রপ করলে সে ২০০ রান করে ফেলবে। তাই ঋদ্ধিমান সাহা। এছাড়া অস্ট্রেলিয়ায় পেস বোলিংয়ের বিরুদ্ধে ভালো একজন কিপারের প্রয়োজন। সেখানে আবারও আসবেন ঋদ্ধিমান সাহা।”
সদ্য সমাপ্ত আইপিএলে বেশ ভালো খেলেছেন ঋদ্ধিমান, যেখানে ঋষভের ফর্ম মিশ্র। এদিকে প্রথম প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে লড়াকু অর্ধশতরান করেছিলেন ঋদ্ধিমান সাহা, অন্যদিকে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাত্র ৭২ বলে দুর্ধর্ষ শতরান হাঁকিয়েছেন ঋষভ পন্থ।





