আসন্ন টি২০ সিরিজ এবং আজকের ওয়ানডে ম্যাচের জন্য অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট নিজেদের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ডেভিড ওয়ার্নার এবং প্যাট কামিন্সকে বাইরে রেখেছে। চোটের জন্য ডেভিড ওয়ার্নারকে সরানো হলেও, প্যাট কামিন্সকে বিশ্রাম দেওয়া হয়েছে অন্য কারণে। আইপিএল এ একটানা ম্যাচ খেলার জন্য বিশ্রাম পেয়েছেন কামিন্স।
আর এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী লেগ স্পিনার শেন ওয়ার্ন। তিনি স্পষ্ট জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটের থেকে আইপিএল কখনই এগিয়ে নয়, এবং আইপিএল এর জন্য বিশ্রামের কোনও দরকারই নেই।
এই নিয়ে ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ওয়ার্ন বলেছেন, “প্যাট কামিন্সকে বিশ্রাম দেওয়া নিয়ে আমি অসন্তুষ্ট। আমি জানি আমাদের কাছে এটি দীর্ঘ মরশুম এবং অনেক কিছু রয়েছে আমাদের জন্য, কিন্তু আমার মনে হয় না অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের দুই ম্যাচ খেলানোর পর বিশ্রাম দেওয়া উচিত। কেন তারা (প্যাট কামিন্স) বিশ্রাম নিচ্ছেন? কারণ তারা আইপিএল খেলেছেন বলে? তাহলে তাদের আইপিএল এর সব কয়টি ম্যাচ খেলার জন্য অনুমতি দেওয়া হচ্ছে কিন্তু এই সময়ে তাদের বিশ্রামের প্রয়োজন কারণ তারা আইপিএল খেলেছে।”





