বাঙালি তথা বহু ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে সৌরভ গঙ্গোপাধ্যায় নামটা একটা নস্টালজিয়ার সমান। অবসরের এত বছর পরও ক্রিকেটার তথা অধিনায়ক সৌরভকে মিস করেন সমর্থকরা। কলকাতার মহারাজকে এখনও ব্যাট হাতে দেখতে মুখিয়ে থাকে অনেকে। আর দাদার সেই স্টেপ আউট করে ছক্কা হাঁকানো আবার দেখা গেল। ফের ব্যাট হাতে মাঠে দেখা গেল ভারতের প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে। ভারতের বৃহত্তম আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ এবং বিসিসিআইয়ের সচিব জয় শাহের দল একটি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছিল। এটি একটি ফ্রেন্ডলি ম্যাচ।
যেখানে খেলেন বিসিসিআইয়ের ২৮ জনের কমিটির প্রত্যেক সদস্য৷ সৌরভ ইলেভেনের অধিনায়কত্ব করেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহ নিজের দল জয় শাহ ইলেভেনের অধিনায়ক। আর ব্যাট হাতে নেমেই চমক সৌরভের। তিনি ৩২ বলে ৫৩ নট আউট ছিলেন। একটি ছয় সহ ছয়টি চার মারেন। যদিও শেষমেশ ২৮ রানে হারতে হয় জয় শাহের দলের কাছে। আউট করেন জয় শাহকে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিনও খেলেন এই ম্যাচে। তিনি ২২ বলে ৩৭ রান করেন। জয় শাহ ৩৯ রান দিয়ে দুই উইকেট নেন।
এই ম্যাচে বিসিসিআইয়ের সহ-সভাপতি হতে চলা রাজীব শুক্লা রয়েছেন ম্যাচ রেফারির দায়িত্বে।এখানে একসাথে বসতে পারেন ১,১৪,০০০ দর্শক। বৃহত্তর এই স্টেডিয়ামে আগামী বছর ভারত ইংল্যান্ড সিরিজের বেশ কিছু ম্যাচও খেলা হবে। অন্যদিকে বৃহস্পতিবার এই মোতেরাতেই রয়েছে বোর্ডের বার্ষিক সাধারণ সভা। যেখানে আলোচনা হবে একাধিক বিষয় নিয়ে। আগামী বছরের আইপিএল, তার অকশন ও নতুন কোনো দলের সংযুক্তিকরণ, ঘরোয়া টুর্নামেন্ট নিয়ে আলোচনা হতে পারে। এছাড়াও প্রেসিডেন্ট সৌরভের স্বার্থ সংঘাত নিয়ে আলোচনা হবে।





