আচমকাই খুলে গেল চলন্ত বিমানের দরজা। আর এর জেরে যা আশঙ্কা ছিল তাই-ই ঘটল। চলন্ত বিমান থেকেই ছিটকে গেলেন দুই যাত্রী। জানা গিয়েছে, ওই দুই যাত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ও গ্রেফতারও করা হয়েছে তাদের।
ঘটনাটি ঘটেছে আমেরিকায়। নিউইয়র্ক থেকে আটলান্টা যাচ্ছিল বিমানটি। ডেলটা উড়ান সংস্থার মুখপাত্র জানান যে, বিমানটি যখন ওড়ার প্রস্তুতি নিয়ে রানওয়ে যাচ্ছিল, ঠিক সেইসময়ই বিমানের এমারজেন্সি দরজার স্লাইড খুলে দুই যাত্রী বাইরে বেড়িয়ে আসেন। এই দুইজন হলেন ৩১ বছর বয়সী অ্যান্টেনিও ও ২৩ বছরের ব্রিয়ানা গ্রেসো। এই দুই যাত্রীকেই গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, এই দুই যাত্রীই ফ্লোরিডার বাসিন্দা। অভিযোগ, বিমানে ওঠার পর থেকেই একাধিকবার নিজেদের আসন পরিবর্তন করেন তারা, এর জেরেই আচমকা এমারজেন্সি দরজা খুলে গিয়ে এই বিপত্তি। এই ঘটনার পর ব্যাহত হয় বিমান চলাচল। সব যাত্রীদের ওই বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। এরপর অন্য একটি বিমানে তাদের নিজেদের গন্তব্যে পৌঁছনোর ব্যবস্থা করা হয়।
তবে নিজের সপক্ষে যুক্তি খাড়া করে অ্যান্টেনিও বলেন যে, তিনি নাকি ট্রমাটিক ডিসঅর্ডারে ভুগছেন, তাই একাধিকবার আসন বদলেছেন। কিন্তু অপরপক্ষে, তারই এক সহযাত্রী বলেন যে বিমানে কিন্তু অ্যান্টেনিও স্বাভাবিক ব্যবহারই করছিল। এই ঘটনায় অ্যান্টেনিওকেই দোষী ঠাওরেছেন পুলিশ। অপরাধমূলক কাজের জন্য ও অযথা বিপদ ডেকে আনার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। মহিলা সহযাত্রীকে অনুপ্রবেশকারী হিসেবে অভিযুক্ত করেছে পুলিশ।





