মহারাজের মুকুটে নতুন পালক! এশিয়া কাপের আগে হেড কোচের ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়!

সৌরভ গঙ্গোপাধ্যায়কে এতদিন আমরা দেখেছি খেলোয়াড়, অধিনায়ক, প্রশাসক কিংবা ক্রিকেট উপদেষ্টা হিসেবে। কিন্তু এবার নতুন ভূমিকায় হাজির হচ্ছেন তিনি। প্রথমবার কোনও দলের হেড কোচ হতে চলেছেন মহারাজ। ভারতীয় দলের নয়, বরং দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ-২০ লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচের দায়িত্ব তুলে নিলেন সৌরভ।

গত জুনে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ভারতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব পেলে ভেবে দেখবেন। সেই প্রতিশ্রুতির রেশ না কাটতেই এলো বড় খবর। রবিবার প্রিটোরিয়া ক্যাপিটালসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করা হলো, দলের নতুন হেড কোচ হচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক। ক্যাপশনেই লেখা হলো, “ক্যাপিটালস শিবিরে রাজকীয় মেজাজ নিয়ে আসতে চলেছেন প্রিন্স।” এর আগে জোনাথন ট্রট ছিলেন এই পদে, তাঁর জায়গায় এলেন মহারাজ।

সেঞ্চুরিয়নের এই দলটি জেএসডব্লিউ স্পোর্টস গ্রুপের মালিকানাধীন। সেই গ্রুপই এর আগে সৌরভকে সব ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে দায়িত্ব দিয়েছিল। দিল্লি ক্যাপিটালস এবং ডব্লিউপিএল দল দিল্লির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। তবে হেড কোচ হিসেবে এবারই প্রথমবার দেখা যাবে তাঁকে। এর আগে ২০১৯ সালে দিল্লি ক্যাপিটালসের মেন্টর ছিলেন সৌরভ, আর সেই মৌসুমেই দল পৌঁছেছিল প্লে-অফে।

সৌরভের কোচিং যাত্রা শুরু হচ্ছে একটি বড় দায়িত্ব নিয়েই। আগামী ৯ সেপ্টেম্বর হবে টুর্নামেন্টের নিলাম, যেখানে নতুন কোচের উপস্থিতি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলেই আশা করা হচ্ছে। সৌরভের পরামর্শে প্রিটোরিয়ার স্কোয়াডে বড়সড় পরিবর্তন আসতে পারে। গত তিন মরশুমেও দল ট্রফি জিততে পারেনি। ২০২৩ সালে ফাইনালে পৌঁছেও রানার্স হয়ে ফিরতে হয়েছিল। তাই এবার কোচ সৌরভের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিরোপা জেতার স্বপ্ন দেখছে দল।

আরও পড়ুনঃ Kolkata municipality : দেশের সেরা কলকাতার শৌচালয়! মোদি সরকারের সার্টিফিকেটে পুরসভা পেল গর্বের স্বীকৃতি!

২৬ ডিসেম্বর থেকে শুরু হবে এসএ-২০ লিগের চতুর্থ মরশুম। সেই টুর্নামেন্টেই কোচের ভূমিকায় দেখা যাবে মহারাজকে। ক্রিকেটপ্রেমীদের কাছে বিষয়টি নিঃসন্দেহে এক বড় আকর্ষণ। খেলার মাঠে একসময়ের আগ্রাসী অধিনায়ক এবার কোচ হিসেবে কেমন কৌশল দেখান, সেটাই এখন দেখার অপেক্ষা। প্রিটোরিয়া ক্যাপিটালসের ভাগ্যবদল ঘটাতে পারবেন কি না, সেই প্রশ্নের উত্তর মিলবে কয়েক মাস পরেই।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles