“সব বিষয়েই কথা বলতে শোনা যাচ্ছে সৌরভকে”, বোর্ড প্রেসিডেন্টকে কড়া ভাষায় আক্রমণ দিলীপ বেঙ্গসরকারের

২৬ অক্টোবর বিসিসিআইয়ের সুনীল যোশীর নেতৃত্বাধীন নির্বাচন কমিটি ভারতের অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করেছিলেন যেখানে নাম ছিল না রোহিত শর্মা ও ইশান্ত শর্মার। এরপর বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় একাধিকবার দাবি করে এসেছেন যে রোহিত ও ইশান্তের চোটের দিকে খেয়াল রাখছেন বিসিসিআইয়ের মেডিকেল টিম। সেই কথাই সত্যি প্রমাণ করে বিসিসিআই সোমবার অস্ট্রেলিয়া সফরের জন্য সংশোধিত দল ঘোষণা করেছে।

আর সেই বিষয় নিয়েই সৌরভকে কটাক্ষ করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দিলীপ বেঙ্গসরকার। তাঁর কথা অনুযায়ী সৌরভ বোর্ড প্রেসিডেন্ট হয়েও সব বিষয়ে নাক গলাচ্ছেন। দিলীপ বলেন, “যখন আইপিএলের দিন-ক্ষণ ও সূচি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, তখনও আইপিএল চেয়ারম্যান হয়ে সৌরভকে তা ঘোষণা করতে দেখা যায়। হয় ও বাকিদের যোগ্যতাকে খাটো করছে, নতুবা ও ভাবছে বাকিদের থেকে ও বেশি জানে। আমি সৌরভকে নির্বাচক প্রধানের পদে নিযুক্ত সুনীল যোশীর হয়ে কথা বলতে দেখে রীতিমতো অবাক। কে বাদ পড়েছে, কে নির্বাচিত হয়নি সব বিষয়েই কথা বলতে শোনা যাচ্ছে সৌরভকে।”

সেই সঙ্গে তিনি যোগ করেছেন, “সৌরভের কাছ থেকে অনেক প্রত্যাশা ছিল। যাই হোক, এখন এই সব দেখে আমার ধারণা বদলাচ্ছে।” সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে যে দিলীপ বেঙ্গসরকার ও সৌরভের মধ্যে মুম্বই-কলকাতা লবি নিয়ে পুরনো প্রতিদ্বন্দ্বীতা আছে। ভারতের অস্ট্রেলিয়া সফরের জন্য বিসিসিআই সোমবার একটি সংশোধিত দল ঘোষণা করেছে। ভারত অস্ট্রেলিয়ায় টেস্ট, টি-২০ ও ওয়ানডে সিরিজ খেলবে। সবচেয়ে বড় বিষয় হল ভারত অধিনায়ক বিরাট কোহলি কেবলমাত্র অ্যাডিলেড টেস্টে অংশ নেবেন কারণ সেই সময়ই অনুষ্কা শর্মার পাশে থাকতে চান তিনি।

RELATED Articles