নতুন বছরের দ্বিতীয় দিনেই খারাপ খবর বঙ্গবাসীর জন্য। সকালে নিজের বাড়িতে জিম করার সময়ই মাথা ঘুরে পরে যান তিনি। প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় মৃদু হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। বুকে ব্যথা নিয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি তিনি। সূত্রের পাওয়া খবর অনুযায়ী, কার্ডিওলজিস্টরা আগামী ৪৮ ঘণ্টা সৌরভকে পর্যবেক্ষণে রাখবেন।
সৌরভের চিকিত্সার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সেই বোর্ডে রয়েছেন পাঁচজন চিকিৎসক। তারা হলেন সরোজ মণ্ডল, আফতাব খান, ভবতোষ বিশ্বাস, এস বি রয়, শৌতিক পাণ্ডার মতো ডাক্তাররা রয়েছেন সেই দলে। এদিন বিকেল পাঁচটার মেডিকেল বুলেটিনে বারবার চিকিত্সকরা জানিয়েছেন, সঠিক সময়ে হাসপাতালে পৌঁছানোর কারণে সৌরভ বিপদ মুক্ত।
ড. মণ্ডল বলছেন, ”সকালে ট্রেডমিলে থাকাকালীন প্রথম সমস্যা হয়েছিল সৌরভের। ইসিজি রিপোর্ট ভাল। অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে একটা আর্টারিতে। বাকি দুটি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আলোচনার পর। হার্ট অ্যাটাকের ফলে যে আর্টারি ক্ষতিগ্রস্থ হয় সেটাতেই সাধারণত সবার আগে চিকিত্সা চলে। ওর পালস রেট এখন ভাল। এখন ওকে অন্তত ৪-৫ দিন হাসপাতালে থাকতে হবে। তবে ও ফিট হবে।”
এছাড়াও ড.খান বলেছেন, ”সৌরভের হার্টে তিনটি ব্লকেজ ছিল। সঠিক সময় হাসপাতালে এসেছিল। তাই বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। ও ভাল আছে। আমরা অন্য দুটি ব্লক নিয়ে ভাবছি। ওকে ৪৮ ঘণ্টা নজরে রাখা হবে। তবে যে কষ্ট, ব্যথা নিয়ে ও হাসপাতালে এসেছিল, সেটা এখন নেই। ওপেন হার্ট বাইপাস সার্জারি নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন নেই।”





