দ্বিতীয় ম্যাচে জয়ের পর গতকালও রাজস্থান রয়্যালসকে হারিয়ে ৩৭ রানে জয় পেয়েছে নাইটরা। বোলারদের প্রদর্শনে রয়্যালসের বিরুদ্ধে দাপুটে জয়লাভ হয়েছে নাইটদের। আর এই জয়ের নায়ক তরুণ নাইটরা। ব্যাটিংয়ে শুভমন গিল ও বোলিংয়ে শিবম মাভি – কমলেশ নাগারকোটির ও তেমনই তরুণ তুর্কিদের ফিল্ডিংয়ের জন্য হারতে হয় রাজস্থানকে।
দলের খেলা দেখার জন্য কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান উপস্থিত ছিলেন দুবাইয়ের মাঠে। দলের জয়ে খুশি কিং খান। ট্যুইট করে শাহরুখ লিখেছেন, “এবার আমি নাইট রাইডার্স আর ছেলেদের সম্বন্ধে কিছু বললে তার কোনও মানে দাঁড়াবে না। কিংবদন্তি এই মানুষটি যা বলার বলে দিয়েছেন। খুবই খুশি দলের সকলে যুব ক্রিকেটারদের এভাবে উৎসাহ দিচ্ছে আর তারাও সেটির যোগ্য জবাব দিচ্ছে। তোমাদের জন্য অসংখ্য ভালোবাসা।”
সেই সঙ্গে তরুণ নাইটদের প্রশংসা করেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর। তিনি লিখেছেন, “অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন শুভমন গিল, যিনি বেশ কিছু ভালো শট খেলেছেন। পাশাপাশি আন্দ্রে রাসেলের ছোট্ট ক্যামিও এবং ইয়ন মর্গ্যানের সুন্দর ফিনিশিংয়ের জেরে নাইট রাইডার্স একটি ভালো স্কোরে পৌঁছায়। আর তারপর দুরন্ত বোলিং পারফর্মেন্স তো রয়েইছে। খুব ভালো সময়ে বোলিংয়ে পরিবর্তন আনা হয়েছে আর টিমের ভারসাম্য যথেষ্ট ভালো লাগছে।”





