প্রথম টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়াকে ১৯১ রানে অল আউট করে দিয়েছে ভারত। কিন্তু এই রান আরও কমত যদি না একের পর এক ক্যাচ ফেলতেন ভারতীয় ফিল্ডাররা। পৃথ্বী শ থেকে শুরু করে মায়াঙ্ক আগরওয়াল, জসপ্রীত বুমরাহ, এমনকি ঋদ্ধিমান সাহাও বেশ কিছু ক্যাচ ফেলেছেন। আর ভারতের এমন ফিল্ডিংয়ের দশা নিয়ে চিন্তিত ক্রিকেটপ্রেমীরা।
আর এবার ভারতের এমন দূর্বল প্রদর্শন নিয়ে কটাক্ষ করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার। সামনেই ক্রিস্টমাস, আর সেই কারণে অস্ট্রেলিয়াকে আগাম উপহার দিচ্ছে ভারতীয় ফিল্ডাররা ক্যাচ ফেলে, এমনই চিমটি কাটলেন কিংবদন্তী এই ভারতীয় ওপেনার।
ধারাভাষ্য করার সময় গাভাস্কার বলেছেন, “আমি শুধু এটুকু ভাবতে পারি যে ভারতীয়রা ক্রিসমাস পালনের মুডে রয়েছে। এক সপ্তাহ আগেই তাদের ক্রিসমাসের উপহার দিয়ে দিচ্ছে।”





