একা হাতে সবুজ-মেরুণ তরীতে ভাঙন ধরালেন শাহবাজ, খেতাব জিতল তপন মেমোরিয়াল

উদ্বোধনী বেঙ্গল টি২০ চ্যালেঞ্জের ফাইনালে উঠেছিল টুর্নামেন্টের দুই শক্তিশালী দল তপন মেমোরিয়াল ক্লাব এবং মোহনবাগান ক্লাব। ফাইনালের আগে অনেকেই ভেবেছিলেন, অনুষ্ঠুপের নেতৃত্বে মোহনবাগান টি২০ চ্যালেঞ্জ জিতে যাবে। কিন্তু সেই আশায় জল ঢেলে দিলেন বাংলার তারকা অলরাউন্ডার শাহবাজ আহমেদ। ব্যাট ও বলে কার্যত একা হাতেই তপন মেমোরিয়ালকে জেতালেন খেতাব।

প্রথমে ব্যাট করে তপন মেমোরিয়াল ২০ ওভারে তোলে ১৪৫/৬। শুরুতে তপন মেমোরিয়ালের ব্যাটিং অর্ডারে ধস নামিয়ে দিয়েছিল মোহনবাগানের বোলাররা। কিন্তু শেষের দিকে শাহবাজ আহমেদের দুরন্ত অর্ধশতরানের ইনিংস (৪১ বলে ৫৪) এবং কাইফ আহমেদের অপরাজিত ৩৯ রানের ইনিংসের জেরে লড়াই করার মত স্কোর তোলে তারা।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চুড়ান্ত ব্যাটিং ব্যর্থতার সম্মুখীন হয় মোহনবাগান। একা বিবেক সিং (৩৪ বলে ৩০) এবং অধিনায়ক অনুষ্ঠুপ মজুমদার (৩২ বলে ৪৬) ছাড়া আর কেউই দুই অঙ্কের স্কোরে যেতে পারেননি। বাঁ হাতি স্পিনার শাহবাজ আহমেদ বল হাতে একেবারে শেষ করে দেন মোহনবাগানকে। মাত্র ১০ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছেন তিনি। আর এর ফলে মাত্র ১১২ রানেই গুটিয়ে যায় মোহনবাগানের ব্যাটিং।

RELATED Articles