বছর শেষের দোরগোড়ায় দাঁড়িয়ে আরও একবার রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঝড় তুলল প্রধানমন্ত্রীর টুইট

প্রায় শেষের মুখে ২০২০ সাল। বছরের শেষে এসে ফের একবার রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অতিমারির সময়ে প্রধানমন্ত্রীর করা টুইট ঝড় তুলল সোশ্যাল মিডিয়াতে। জানা গিয়েছে, মোদীর একটি টুইট প্রায় এক লক্ষেরও বেশিবার রিটুইট হয়েছে। এই রিটুইট এই বছরে দেশের সর্বোচ্চ স্থান দখল করেছে। এই রেকর্ড এখনও পর্যন্ত ভারতীয় রাজনীতিতে প্রথম।

গতকাল, মঙ্গলবার, টুইটারের পক্ষ থেকে দেশের সর্বাধিক টুইটের একটি তথ্য সামনে এসেছে। এর থেকে জানানো হয়েছে যে, গত ৫ই এপ্রিল করা মোদীর একটি টুইট ১ লক্ষ ১৮ হাজার বার রিটুইট করা হয়েছে এবং এই টুইটটি লাইক করেছেন ৫ লক্ষ ১৩ হাজারের বেশি মানুষ। এই বছরের প্রধানমন্ত্রীর এই টুইটটিই সবচেয়ে বেশিবার রিটুইট করা হয়েছে।

করোনা সংক্রমণের হার বাড়তে থাকায় চলতি বছরের মার্চ মাসেই গোটা দেশে লকডাউনের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত মার্চ মাসেই করোনা যোদ্ধাদের প্রতি সম্মান জানানোর জন্য তিনি দেশবাসীকে বলেছিলেন তাদের উদ্দেশ্যে হাততালি বাজাতে। এরকমই আরও একটি কাজ দেন তিনি দেশবাসীকে।

প্রধানমন্ত্রী বলেছিলেন, ৫ই এপ্রিল রাত ৯টায় ৯ মিনিট ধরে নিজের বাড়ির সমস্ত আলো নিভিয়ে অন্ধকার করে বাড়িতে প্রদীপ বা মোমবাতি জ্বালাতে। নিজের পরিবারের সুস্থতা কামনা করে এই কাজ দেশবাসীকে করতে বলেন তিনি। তাঁর এই ডাকে সারা দেয় গোটা দেশবাসী। এদিন নিজেও প্রধানমন্ত্রী নিজের বাড়িতে প্রদীপ জ্বালিয়ে সেই ছবি টুইট করেন। তাঁর সেই টুইটই আলোড়ন সৃষ্টি করেছে। কেউ কেউ তাঁর এই টুইটে সমালোচনা করলেও, নেটিজেনের একাংশ মোদীর এই টুইটের ভুয়ো প্রশংসা করেন। সব মিলিয়ে তাঁর এই টুইটই এই বছর সবচেয়ে বেশি চর্চিত হয়েছে বলে জানা গিয়েছে।

এমনিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। টুইটারে ফলোয়ারের দিক দিয়ে তিনি প্রথম তিন রাজনীতিবিদের মধ্যেই রয়েছেন। এবার তাঁর একটি টুইট সবচেয়ে চর্চিত বিষয় হয়ে উঠল গোটা দেশে।

RELATED Articles