ইতিমধ্যে চোটের জন্য প্রথম টেস্ট থেকে বাদ পড়েছেন তারকা অসি ওপেনার ডেভিড ওয়ার্নার, এছাড়া প্রথম প্রস্তুতি ম্যাচে মাথায় চোট পাওয়ার জেরে কনকাশনে ভুগছেন তরুণ ওপেনার উইল পুকোভস্কি। ফলে প্রথম টেস্ট তিনিও অনিশ্চিত। এর ফলে অ্যাডিলেডে ভারতের বিরুদ্ধে বেশ মুশকিলে পড়েছে অস্ট্রেলিয়া।
এই অবস্থায় এবার ভারতের বিরুদ্ধে গত টি২০ সিরিজে ভালো পারফর্ম করা অভিজ্ঞ অলরাউন্ডার মোজেস হেনরিকেস এবং তরুণ ওপেনার মার্কাস হ্যারিসকে আসন্ন অ্যাডিলেড টেস্টের জন্য জাতীয় দলে আনা হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে এমনই বার্তা দেওয়া হয়েছে।
এর আগে অস্ট্রেলিয়ার হয়ে শেষ টেস্ট খেলেছিলেন চার বছর আগে, শ্রীলঙ্কা সফরে যখন অস্ট্রেলিয়া খেলতে গিয়েছিল। নিজের স্বল্প টেস্ট কেরিয়ারে ব্যাট হাতে দুটি অর্ধশতরান এবং বল হাতে দুটি উইকেট নিয়েছেন হেনরিকেস। এদিকে অস্ট্রেলিয়ার হয়ে এখনও অবধি নয়টি টেস্ট ম্যাচ খেলেছেন হ্যারিস। চলতি শেফিল্ড শিল্ডে বেশ ভালো ফর্মে রয়েছেন এই অসি ওপেনার, দক্ষিণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৩৯ রানের ইনিংস খেলেছেন তিনি। ভারতের বিরুদ্ধে গত দুটি প্রস্তুতি ম্যাচেও খেলেছেন হ্যারিস।





