সুরাপ্রেমীদের জন্য দুসংবাদ! মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি রাজ্যে, মামলা দায়ের হাইকোর্টে

সবই প্রায় ঠিক ছিল। দরপত্র ডাকাও হয়ে গিয়েছিল। কিন্তু এমন সময়েই ঘটল বিপত্তি। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হওয়ার জেরে রাজ্য সরকারের পাউচ প্যাকে ‘বিশ টাকার বাংলা মাল’ সরবরাহের প্রকল্প থেকে পিছু হটল আবগারি দফতর।

করোনার সংক্রমণের জেরে লকডাউন ঘোষণা হওয়ায় দীর্ঘদিন ঝাঁপ বন্ধ ছিল রাজ্যের বিভিন্ন মদের দোকানগুলিতে। এর জেরে বিপুল ঘাটতি পড়ে রাজ্যের রাজকোষে। ফলে তড়িঘড়ি রাজ্যে মদের দোকান খোলার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এর ফলে সুরাপ্রেমীদের তা খুশির খবর হলেও এই সিদ্ধান্তের জেরে জনতার একাংশের রোষের মুখে পড়তে হয় রাজ্য সরকারকে। করোনা আবহে মদের দোকানে দীর্ঘ লাইন, ভিড় ঠেসাঠেসি দেখে গা শিউড়ে ওঠার জোগাড় জনতার।

এমন অবস্থায় রাজ্যে বাড়তে থাকে চোলাইয়ের রমরমা। টান পড়ে রাজকোষেও। এর পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য কুড়ি টাকার দেশি মদের পাউচ প্যাকেট আনার পরিকল্পনা করে রাজ্য সরকার। উদ্দেশ্য, রাজস্ব বাড়ানো ও সুরারসিকদের কাছে মদ সহজলভ্য করা। দেশি মদ সহজলভ্য হলে চোলাইয়ের ব্যবসা বন্ধ হবে বলে আশা রেখেছিল রাজ্য সরকার।

কিন্তু এতেই ঘটল বিপত্তি। রাজ্যের এই সিদ্ধান্তের বিরোধিতা করে বিরোধী দল থেকে শুরু করে সাধারণ জনতাও। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে শুরু হয় বিস্তর চর্চা। এই সিদ্ধান্তের বিরোধিতা করে অনেক লেখালেখিও হয়। মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। এত নেতিবাচক দিকের মুখে পড়ে ২০ টাকার পাউচ প্যাকে মদ বিক্রি প্রকল্প থেকে পিছিয়ে এল সরকার। তবে, শোনা গিয়েছে আগামী বিধানসভা নির্বাচনের পর নতুন দেশি মদ বাজারে আনার পরিকল্পনাও চলছে।

RELATED Articles