ভারত ছাড়লেও ভারতবাসীর জন্য মন খারাপ কেভিন পিটারসেনের! ভরসা জোগাতে হিন্দিতে বার্তা পাঠালেন

করোনায় নাজেহাল ভারত। লেগে রয়েছে মৃত্যু মিছিল। সদাই উৎসবমুখর এই দেশে এখন হাহাকার, কান্না, বিষাদের ছায়া। আর ভারতবর্ষের এইরকম চেহারা‌ দেখে মন খারাপ বিশ্বের। মন খারাপ ভারতবর্ষকে ভালোবাসা প্রত্যেকটা বিদেশি ক্রিকেটারের। আর তাইতো শোয়েব আখতার হোক বা কেভিন পিটারসেন ভারতের তাড়াতাড়ি সুস্থ হওয়ার প্রার্থনা করছেন সবাই।

করোনার সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে আইপিএল। ভারত থেকে চলে যেতে হয়েছে সমস্ত বিদেশি ক্রিকেটারকে। ‌কিন্তু মনটা পড়ে রয়েছে ভারতেই। আর তাইতো দেশে ফিরে যাওয়ার পরেও তাই খুব মন খারাপ ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেনের। দূর থেকে হলেও কঠিন পরিস্থিতিতে ভারতের মানুষকে লড়াইয়ের জন্য ভরসা জোগাতে হিন্দিতে মেসেজ করলেন প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক। টুইট করেছেন ইংরেজিতেও l ‌

হিন্দিতে টুইট করে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক লিখেছেন, ‘আমি হয়তো ভারত ছেড়ে চলে গিয়েছি। কিন্তু এখনও সেই দেশের কথাই ভেবে চলেছি, যারা আমাকে ভালবাসা, মমতায় ভরিয়ে দিয়েছে। প্লিজ সাবধানে থাকুন। এই সময়টা পার হয়ে যাবে, কিন্তু আপনাদের খুব সাবধানে থাকতে হবে।’

ইংরেজি টুইটটিতেও ভারতের তাড়াতাড়ি সুস্থ হওয়ার প্রার্থনা করেছেন তিনি, লিখেছেন‌, ‘ভারত- আমি এমন একটি দেশকে দেখে কষ্ট পাচ্ছি, যাকে ভালবাসি।’

করোনার প্রথমের থেকেও দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা বেশি জোরে লেগেছে ভারতের গায়ে। প্রাণহানির সংখ্যা মাত্রা ছাড়া। সুস্থ হওয়ার জন্য সময়টুকু‌ও মিলছে না। তার আগেই মৃত্যু।  বলতে গেলে এক প্রকার ভেঙে পড়েছে চিকিৎসা ব্যবস্থা।  অক্সিজেনের অভাব, প্রতিষেধকের অভাব, প্রয়োজনীয় ওষুধের অভাব, কালোবাজারী, চূড়ান্ত শোচনীয় পরিস্থিতি এই মুহূর্তে ভারতের। 

RELATED Articles