“ম্যাচ রেফারি অনুমতি দিয়ে থাকলে এত বিতর্ক কেন?”, কনকাশন সাব নিয়ে প্রশ্ন গাভাস্কারের

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ১১ রানে জয় পেল ভারত। কিন্তু এই ম্যাচের দ্বিতীয় ইনিংস থেকেই বিতর্ক দানা বাধে। প্রথম ইনিংসের শেষ ওভারে মিচেল স্টার্কের বল রবীন্দ্র জাদেজার হেলমেটে লাগলেও ওই সময় মাঠে তাকে দেখতে আসেননি কোনও ফিজিও বা ডাক্তার। কিন্তু ইনিংস বিরতিতে জানানো হয়, কনকাশন সাবস্টিটিউট হিসেবে জাদেজার পরিবর্তে খেলবেন যুজবেন্দ্র চাহাল। নিজের স্পিন বোলিংয়ে অসি বোলারদের ঘায়েল করে ম্যাচের সেরা হন চাহাল।

এর ফলে প্রায় তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন ম্যাচ রেফারি ডেভিড বুন ও অসি কোচ জাস্টিন ল্যাঙ্গার। সোশ্যাল মিডিয়া সহ প্রাক্তন ক্রিকেটার, বিশেষজ্ঞ ও কমেন্টেটররাও এই বিতর্ক নিয়ে মন্তব্য করেছেন। কিন্তু ভারতের কিংবদন্তি তথা প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার এই বিতর্ককে তেমন পাত্তা দিচ্ছেন না। তিনি বলেন, “ম্যাচ রেফারি যদি অনুমতি দিয়ে থাকেন তাহলে কেন এই বিষয়টা নিয়ে এত কথা উঠছে? ম্যাচ রেফারি একজন অস্ট্রেলিয়ান। তিনি যখন জাদেজার বদলি হিসাবে চাহালকে খেলানোর অনুমতি দিয়েছেন তাহলে এত বিতর্ক কেন? জাদেজাও স্পিন করেন, চাহালও স্পিন করেন।”

 

এই নিয়ে প্রশ্ন তোলেন দুই প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন এবং টম মুডি। ডাক্তার বা ফিজিও না আসা সত্ত্বেও কেন জাদেজার পরিবর্ত নামানো হল, এই নিয়ে কথা তোলেন ভন। অন্যদিকে এই বিতর্কের পরই হ্যামস্ট্রিয়ের চোট নিয়ে গোটা অসি সফর থেকেই ছিটকে গেলেন রবীন্দ্র জাদেজা। দলে যোগ দেবেন শার্দূল ঠাকুর।

আরও অন্যান্য খবর