ফের ঝামেলা তৃণমূল অন্দরে! সভা করতে বাধা দিচ্ছে অনুব্রত, সুর চড়ালেন তৃণমূলের সিদ্দিকুল্লা চৌধুরী 

সামনের বিধানসভা ভোটের আগে মহাফ্যাসাদে পড়েছে শাসকদল তৃণমূল। বিপুল হারে লোক দল ছাড়ছে, তো কোথাও  প্রভাবশালী নেতা দল ছাড়ার ইঙ্গিত দিয়ে ঝুলিয়ে রেখেছে, পারস্পরিক বিরোধ দলীয় নেতৃত্বের সঙ্গে ঝামেলা অন্তর্দ্বন্দ্বে এখন জেরবার ঘাসফুল শিবির।
এরই মাঝে আরও একবার বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর দ্বন্দ্ব প্রকাশ্যে এলো।
তৃণমূলের দাপুটে ও বিতর্কিত নেতা অনুব্রত’র বিরুদ্ধে অভিযোগ করে সিদ্দিকুল্লা চৌধুরী জানালেন তাঁকে মঙ্গলকোটে সভা করতে বাধা দেওয়া হচ্ছে।
এক‌ই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বললেন লড়াই করতে তিনি ভয় পান না।
প্রসঙ্গত উল্লেখযোগ্য, শুক্রবার একটি কর্মসূচিতে যোগ দিতে বর্ধমানে গিয়েছিলেন সিদ্দিকুল্লা চৌধুরী। সেখান থেকেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানেন তিনি।  একাধিক অভিযোগ তোলেন তৃণমূলের এই বিতর্কিত নেতার বিরুদ্ধে। বলেন, মঙ্গলকোটে তাঁকে সভা করতে বাধা দেওয়া হচ্ছে। সভা করলে তাঁর অনুগামীদের হুমকি দেওয়া হচ্ছে। সেটা অনুব্রত মণ্ডল করাচ্ছেন বলেই দাবি তৃণমূল বিধায়ক। বীরভূমের তৃণমূলের সভাপতিকে কটাক্ষ করে তিনি বলেন, “অনুব্রত মণ্ডল বীরভূমে নেতৃত্ব দিচ্ছেন। ঠিক আছে। কিন্তু বীরভূমের গরম হাওয়া এনে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটকে গরম করবেন, তা চলবে না। উনি বীরভূম জেলাতে নেতৃত্ব দিন। কিন্তু পূর্ব বর্ধমানের তিনটি বিধানসভা, আউশগ্রাম, কেতুগ্রাম ও মঙ্গলকোট তাঁর হাত থেকে নিয়ে পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের মধ্যে অন্তর্ভুক্ত করা হোক।”
এদিন সিদ্দিকুল্লা চৌধুরীর কথায়, দলেরই একাংশের বাধায় গত সাড়ে চার বছর তিনি মঙ্গলকোটে যাননি। সম্প্রতি দলের নির্দেশে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন মঙ্গলকোটে। কিন্তু তিনি সভা করে আসার পরই তাঁর অনুগামীদের, দলীয় কর্মীদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। কেউ কেউ নিজেকে দলের ঊর্ধ্বে ভাবছে বলেও তিনি দাবি করেছেন। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ মন্ত্রী। তাঁর কথায়, “এর থেকেও কঠিন পরিস্থিতিতে রাজনীতি করেছি। আমি তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক। সিপিএমের বিরুদ্ধে আমি লড়াই করেছি। এখনকার এই লড়াই করতে আমি ভয় পাই না।”
তৃণমূল নেতৃত্বের অন্দর মহলের এই লড়াই আসন্ন বিধানসভার লড়াইতে শাসককে পিছিয়ে না দেয় সেটাই এখন দেখার।

RELATED Articles