ভারতীয় দলের তারকা ওপেনার রোহিত শর্মা যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী ভর্মাকে বিবাহের জন্য অভিনন্দন জানিয়েছেন। নিজের টুইটে রোহিত যুজবেন্দ্র চাহালকে নিয়েও মজা করেছেন। চাহাল এবং ধনশ্রী ২২ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। দুজনেই বিয়ের ছবি তাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। রোহিত বর্তমানে অস্ট্রেলিয়ায় কোয়ারান্টাইনে রয়েছেন। রোহিত সিডনির দুই কামরার ফ্ল্যাটে থাকছেন, আগামী ৩০ ডিসেম্বর থেকে ভারতীয় দলের সাথে যোগ দেবেন।
বলা বাহুল্য, এই বছরের আগস্টে যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রীর বাগদান হয়। ধনশ্রী একজন কোরিওগ্রাফার এবং ইউটিউবার। সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএলের আসরে যুজবেন্দ্র চাহাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) হয়ে খেলছিলেন এবং এই সময় ধনশ্রীও দুবাইয়ে পৌঁছেছিলেন। দুজনকে অভিনন্দন জানাতে গিয়ে রোহিত টুইটারে লিখেছেন, “অভিনন্দন ভাই! দুজনের জন্য শুভকামনা। নিজের গুগলিগুলো বিরোধী দলের জন্য সংরক্ষণ করো, ধনশ্রীর জন্য নয়।”
Congratulations bro, best wishes to both of you. Keep those googlies for opposition not her 😉 https://t.co/LJFWnLhYbA
— Rohit Sharma (@ImRo45) December 23, 2020
চাহাল অস্ট্রেলিয়া সফরে সীমিত ওভারের সিরিজে দলের অংশ ছিলেন এবং টি- ২০ আন্তর্জাতিক সিরিজের পরে দেশে ফিরে এসেছিলেন। ওয়ানডে সিরিজে ভারত ১-২ ব্যবধানে হেরেছিল, কিন্তু টি -২০ সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ভারত।





