করোনার প্রকোপে বার্সেলোনায় কমতে চলেছে মেসিদের বেতন!

করোনার জেরে বিশ্বব্যাপী বাতিল এবং স্থগিত হয়ে গিয়েছে প্রায় সমস্ত স্পোর্টস ইভেন্ট। লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ, সিরি এ থেকে চ্যাম্পিয়ন্স লিগ- সব ম্যাচ স্থগিত। চরম ক্ষতির মুখে পড়েছে ক্লাবগুলি। দেখা দিয়েছে তীব্র অর্থাভাব।

তবে শুধু ক্লাবলিগ গুলিই নয়, চলতি বছর হচ্ছে না ইউরো কাপের আসর। অনিশ্চিত হয়ে পড়েছে ঐতিহ্যবাহী অলিম্পিকের ভবিষ্যৎও। ভারতের ছবিটাও একইরকম। এটাতো গেল ফুটবল দুনিয়ার কথা। অন্যদিকে পিছিয়ে দেওয়া হয়েছে আইপিএলও। অন্যান্য খেলাতেও পড়েছে করোনার প্রভাব। আর এরই মধ্যে ফুটবলারদের বেতন কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে বার্সেলোনা

করোনার জেরে আপাতত কোনও ম্যাচ খেলতে হচ্ছে না লিও মেসিদের। অথচ ক্লাবকে বেতনবাবদ পুরো প্রাপ্য টাকাই তুলে দিতে হচ্ছে তারকাদের হাতে। ফলে বিপুল ক্ষতির মুখে পড়েছে ক্লাব। আর সেই টালমাটাল পরিস্থিতি সামাল দিতেই এখন বেতনে কাটছাঁট করার কথা ভাবছেন কর্তারা। প্রথম সারির একগুচ্ছ তারকার বেতন নাকি কমিয়ে দেওয়ার পথেই হাঁটবে ক্লাব। আগামী সপ্তাহেই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বার্সেলোনার সিইও অস্কার গ্রাউ, লা লিগায় খেলা ক্লাব এবং ইউরোপের অন্যান্য ক্লাবের সঙ্গে নাকি এ বিষয়ে কথাবার্তাও বলে এই সিদ্ধান্তে এসেছেন। ক্লাবের তরফে বলা হয়েছে, এই সময় বার্সাকে আর্থিক স্থিতিশীলতার কথাও ভাবতে হবে। আর তাই ফুটবলার এবং স্টাফদের বেতন কমিয়েই ক্ষতিপূরণ কমানোর কথা ভাবা হচ্ছে। সেক্ষেত্রে এলএমটেনেরও বেতন কমার সম্ভাবনা থেকেই যাচ্ছে। মূলত, করোনার সঙ্গে লড়াই করে আর্থিক ক্ষতি থেকে বাঁচতেই এমন চিন্তাভাবনা কার্যকর করার কথা ভাবা হয়েছে।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment