বিশ্বজুড়ে মহামারি থেকে অতিমারিতে পরিণত হয়েছে করোনা। যতদিন যাচ্ছে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠছে। গোটা দেশে স্কুল-কলেজ থেকে শুরু করে সিনেমা হল, শপিং মল, সুইমিং পুল- সব কিছুই বন্ধ। রবিবার করোনার হাত থেকে রক্ষা পেতে প্রত্যেক নাগরিককে বাড়ি থেকে না বেরোনোর অনুরোধ করেছেন খোদ প্রধানমন্ত্রী।
ইতিমধ্যে করোনা মোকাবিলায় ‘ওয়ার্ক ফ্রম হোম‘-ও চালু করেছে বেশ কিছু সংস্থা। বিভিন্ন কর্পোরেট সেক্টরের কর্মীরা ‘ওয়ার্ক ফ্রম হোম’ এর সুবিধার আওতায়। কিন্তু বাড়ি থেকে কাজ করার জন্য যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন, তা হল ইন্টারনেট কানেকশন। তাই ওয়ার্ক ফ্রম হোমের সুবিধার্থে নয়া প্ল্যান নিয়ে হাজির হয়েছে বিএসএনএল।
করোনা মোকাবিলায় সমস্ত সংস্থাই কোনো না কোনো ভাবে জনসাধারণের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। কলার টিউনে চালু করেছে করোনা সচেতনতার বার্তা। এবার বিনামূল্যে Work@home ব্রডব্যান্ড প্ল্যান চালু করল এই টেলিকম কোম্পানি। আন্দামান ও নিকোবর-সহ সমস্ত রাজ্যের বিএসএনএল গ্রাহকরাই এই ব্রডব্যান্ড পরিষেবা পাবেন। তবে শর্ত একটাই। যে সমস্ত গ্রাহকদের ল্যান্ডলাইন কানেকশন রয়েছে, তাঁরাই একমাত্র বিনামূল্যে এই পরিষেবা পাবেন। এই প্ল্যানে গ্রাহক প্রতিদিন ১০ এবিপিএস স্পিডে ৫ জিবি করে ডেটা ব্যবহার করতে পারবেন। ৫ জিবি ডেটা শেষ হয়ে গেলে স্পিড ১ এমবিপিএসে নেমে যাবে। এই প্ল্যানে কোনও ফলো আপ লিমিট নেই। এর জন্য প্রতি মাসে আলাদা করে কোনও টাকা দিতে হবে না।
করোনা মোকাবিলায় যাতে আরও বেশি করে মানুষ বাড়ি বসেই কাজ করতে পারেন সেই জন্যই এই অফারটি এনেছে বিএসএনএল। সংস্থার বিশ্বাস, এতে মানুষ এর কাজের খুব সুবিধা হবে যা করোনা রুখতেও সাহায্য করবে।
সেই সঙ্গে কোম্পানির উদ্দেশ্যও সাধন হবে। যাঁরা বিএসএনএলের ল্যান্ডলাইন পরিষেবা ব্যবহার করেন, অথচ ব্রডব্যান্ড নেননি, তাঁরাও এই প্ল্যানে আগ্রহী হয়ে ব্রডব্যান্ড পরিষেবা নেওয়া শুরু করবেন। তবে ল্যান্ডলাইন গ্রাহকরা যে ফ্রি কলের পরিষেবা পান, তা আগের মতোই পাবেন।
বিএসএনএল ছাড়াও সম্প্রতি এধরনের প্ল্যানের কথা ঘোষণা করেছে ACT Fibernet এবং Airtel Xstream Fibre। সকলেরই লক্ষ্য একটাই, এই মারণ ভাইরাস থেকে মানুষকে বাঁচাতে যতটা সম্ভব সচেতনতা বাড়ানো এবং সরকারের “ওয়ার্ক ফ্রম হোম” এ যেন কোনো প্রকার অসুবিধা না হয় সেটাও দেখা।





