ইস্টবেঙ্গলকে আটকে রাখা যাবে না, ক্রীড়া দিবসে বড় বার্তা ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাসের

আইএসএল নিয়ে টলমল পরিস্থিতি, এরই মধ্যে গতকাল ইস্টবেঙ্গল ক্লাবের প্রাণপুরুষ পল্টু দাসের জন্মদিন উপলক্ষ্যে ক্রীড়াদিবস পালন করল ক্লাব। নেতাজি ইনডোর স্টেডিয়ামে স্বাস্থ্য বিধি মেনে একাধিক কর্মসূচি পালন করল ক্লাব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, দুই বিশিষ্ট প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া ও তরুণ দে, রনজি ট্রফি জয়ী বাংলা দলের অধিনায়ক সম্বরণ ব্যানার্জি এবং আইএফএ সচিব জয়দীপ মুখার্জি।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, “ছাই চাপা দিয়ে আগুনকে রোখা যায় না। ঠিক তেমনই লাল-হলুদ ব্রিগেডকে দমিয়ে রাখা যাবে না। তরুণ দে ঠিকই বলেছেন যে, ইস্ট বেঙ্গল না খেললে আইএসএল জাতে উঠবে না। মোহন বাগান, ইস্ট বেঙ্গল, মহমেডান স্পোর্টিং ছাড়া ভারতীয় ফুটবল ভাবা সম্ভব নয়। আশা করি, অদূর ভবিষ্যতে মহমেডানকেও আইএসএলে দেখা যাবে।”

এদিনের অনুষ্ঠানে স্মৃতিচারণ ছাড়াও একাধিক সামাজিক কর্তব্যপালন করে ক্লাব। স্নেহা ফাউন্ডেশনের শিশুদের পাশে দাঁড়ায় ইস্ট বেঙ্গল ক্লাব। এছাড়া অনুষ্ঠানের পাশেই রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছিল। পাশাপাশি চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে রোগীদের ফল বিতরণ করা হয় এবং সবশেষে ময়দানের পঞ্চম ডিভিশনের ক্লাবগুলিকে ফুটবল বিতরণ করা হয়।

RELATED Articles

Leave a Comment