শতবর্ষের গৌরবের মাঝে লাল-হলুদ শিবিরে দূর হয়েছে ইনভেস্টরের চিন্তা, শ্রী সিমেন্টের সঙ্গে চুক্তি হওয়ায় আইএসএল খেলতে আর কোনও বাধা নেই ইস্টবেঙ্গলের। এরই মাঝে নিজেদের ইনভেস্টর শ্রী সিমেন্টের সঙ্গে কলকাতার প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেন ইস্টবেঙ্গল ক্লাবের কর্তারা। ক্লাব কর্তা ও ইনভেস্টরের মধ্যে ভবিষ্যতের কাজকর্ম নিয়েই আলোচনা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, ওই বৈঠক বেশ রাত পর্যন্ত চলে।
শুক্রবার বিকেলে ক্লাবের কর্মসমিতির বৈঠক ছিল, সেই বৈঠক শেষ হওয়ার পরই ইনভেস্টরের সঙ্গে বৈঠক হয়। সেই সঙ্গে জানা গিয়েছে, আগামী ২৭ সেপ্টেম্বর ক্লাবের বার্ষিক সাধারণ সভায় বার্ষিক আয়-ব্যয়ের হিসেব পেশ করা হবে। দেশের দ্বিতীয় বৃহত্তম সিমেন্ট কোম্পানি শ্রী সিমেন্টের সাথে গাঁটছড়া বেঁধে ভারতীয় ফুটবল তথা ইন্ডিয়ান সুপার লিগ রাজ করার লক্ষ্যে এগিয়ে চলেছে ইস্টবেঙ্গল।
আপাতত দেশীয় স্কোয়াড প্রায় তৈরি, হেড কোচ ও বিদেশীদের নির্বাচন নিয়ে এই সপ্তাহেই আলোচনায় বসবে ইনভেস্টর ও ক্লাব। শুক্রবার সকালে একাধিক সর্বভারতীয় সংবাদপত্রে বিড পেপার ছাড়ার নোটিস প্রকাশ করেছে ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড। সেই সঙ্গে নিজেদের দল গঠন নিয়েও ব্যস্ত লাল-হলুদ শিবির। নতুন ইনভেস্টর পাওয়ায় আর্থিক দিক থেকে যথেষ্টই শক্তিশালী হয়ে উঠেছে লাল-হলুদ শিবির। রক্ষণে জোর বাড়াতে এবার সন্দেশের দিকে হাত বাড়িয়েছে ইস্টবেঙ্গল ক্লাব।





