বুধবারই লাল-হলুদ শিবিরে এসেছে ইনভেস্টর। আর ইনভেস্টর আসায় আইএসএল খেলার আবেদনও করেছে ইস্টবেঙ্গল। এবার শুক্রবার সকালে বিড পেপার ছাড়ার নোটিস প্রকাশ করল ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড। জানা গিয়েছে, ৫ লক্ষ টাকার বিনিময়ে আগামী ৭-৮ সেপ্টেম্বর দেওয়া হবে এই বিড পেপার।
সুতরাং বোঝাই গেল যে ইস্টবেঙ্গলের জন্যই যে কার্যত অপেক্ষা করে ছিল এফএসডিএল। বিড পেপার বিষয়ক সমস্ত প্রক্রিয়াটিই অনলাইনে হবে। এই বিড পেপারের হার্ড কপি আগামী ১৬ সেপ্টেম্বর সন্ধ্যে ৬ টার মধ্যে জমা করতে হবে এফএসডিএল-এর মুম্বইয়ের অফিসে। বিড পেপার জমা করার শেষ তারিখ ১৪ সেপ্টেম্বর। তবে নোটিশে দেখা যাচ্ছে বিড পেপার তোলার জন্য রয়েছে দিল্লি, লুধিয়ানা, আমেদাবাদ, ভোপাল ও শিলিগুড়ির নাম রয়েছে। কিন্তু এগুলি শুধুমাত্রই নামের জন্য রাখা।
আসলে লাল-হলুদ দলের জন্যই এই বিড পেপার ছাড়া হবে। এই বিড পেপারের সমস্যা মিটলেই খুব শীঘ্রই আইএসএল খেলার সরকারি ঘোষণা করবে ইস্টবেঙ্গল কর্মকর্তারা। নতুন ইনভেস্টর নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের সঙ্গে এই মরসুমেই ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) খেলবে ইস্টবেঙ্গল।





