পশ্চিম বাংলার প্রধান বিরোধী দল বিজেপির (BJP) ‘গণতন্ত্র বাঁচাও’ (Save Democracy) অভিযান-এর মঞ্চ ভেঙে দিল পুলিশ! অভিযোগ ভয়াবহ করোনা(COVID-19) আবহে স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে চলছিল বিজেপির গণতন্ত্র বাঁচাও অভিযান। আর তারপরই পুলিশের এই পদক্ষেপ ঘিরে উত্তেজনা ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে(Canning)। এই ঘটনায় ইতিমধ্যেই আটক করা হয়েছে ২ জনকে।
বঙ্গ বিজেপি নেতৃত্বের তরফে শুক্রবার প্রতিটি ব্লকে গণতন্ত্র বাঁচাও অভিযানে অবস্থান বিক্ষোভ ও ধরনা কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। সেই নির্দেশ মেনেই বৃহস্পতিবার রাতে ক্যানিং মহকুমা দফতরের সামনে একটি অস্থায়ী ধর্না মঞ্চও বানিয়ে ফেলে ক্যানিং মন্ডল বিজেপি। আর তারপরই শুরু হয় আসল ঘটনা। এর পরপরই ক্যানিং থানার পুলিস গিয়ে গুঁড়িয়ে দেয় বিজেপির গণতন্ত্র বাঁচাও অভিযান-এর মঞ্চ। ঘটনাস্থল থেকে গ্রেফতারও করা হয় দু’জনকে। এই প্রসঙ্গে পুলিশের বিরুদ্ধে স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, পশ্চিমবঙ্গ পুলিশ বিজেপির যে কোনও সভাই করতে দিতে নারাজ। তৃণমূলকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তাঁরা।





