আইএসএলে ডার্বির আগে হুলিগানিজম! অব্যাহত রয়েছে দুই ক্লাবের সমর্থকদের ডার্বি

আর মাত্র ১০ দিন বাকি। তারপরই হবে আইএসএল এর ইতিহাসের প্রথম কলকাতা ডার্বি। একে অপরের বিরুদ্ধে মাঠে নামবে লাল-হলুদ ও এটিকে মোহন বাগান দল। আর ডার্বির আগে প্রতিবারই যা হয়ে আসছে এবারও তার ব্যতিক্রম হল না। দুই প্রধানের সমর্থকদের মধ্যে মাঠের বাইরেও লড়াই চলে। ট্রোল, তামাশা করতে করতে কখনও তা বাড়াবাড়ির পর্যায়ে চলে যায়। আবারও সেই রকম দৃশ্য সামনে এল। এটিকে-মোহনবাগান ও ইস্টবেঙ্গল দুই দলের সমর্থকদের মধ্যে দেখা গেল হুলিগানিজম।

হুলিগানিজম আসে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার ফুটবল সমর্থকদের মাধ্যমে, যারা ফুটবল নিয়ে ভীষণ আবেগে ভোগেন। আর সেই আবেগ গিয়ে যখন পৌঁছায় চরম আগ্রাসনে তখনই হয় হুলিগানিজম। প্রতিপক্ষ সমর্থকদের উপর প্রহার, বাস-গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া, দোকান ভাঙচুর করা – এসব হুলিগানিজমের উদাহরণ মাত্র। ভারতীয় ফুটবলে এখনও এই ধরণের প্রভাব না এলেও গত কয়েক বছরে কলকাতার দুই প্রধানের সমর্থকদের মধ্যে এর রেষ দেখা গিয়েছে।

ঘটনাটি ঘটেছে রবিবার দমদমের ডায়মন্ড প্লাজার কাছে। সেখানে স্পোর্টিং ক্লাব ইস্টবেঙ্গলের একটি খেলোয়াড়ের কাটআউটের মুন্ডু বিচ্ছিন্ন অবস্থায় দেখা গিয়েছিল। সেই ছবি দ্রুত ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আইএসএল উপলক্ষ্যে শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এটিকে-মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের খেলোয়াড়দের কাটআউটের ছবি দেওয়া হয়। সেই নিয়েই ইস্টবেঙ্গল সমর্থকদের অভিযোগ, মোহনবাগান সমর্থকরাই এই কাজ করেছেন।

ইস্টবেঙ্গল সমর্থকরাও পাল্টা দিয়েছেন। দক্ষিণ কলকাতার যাদবপুর স্টেশনের লেভেল ক্রসিং সংলগ্ন সাবওয়ের দেওয়ালে মোহনবাগানকে নিয়ে অশ্রাব্য ভাষায় গালাগাল লিখে রেখেছে সন্তোষপুর বাঙাল ব্রিগেড নামে ইস্টবেঙ্গলের একটি ফ্যান ফোরাম। সেই ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সব মিলিয়ে মাঠে ডার্বির আগেই শুরু হয়ে গিয়েছে দুই ক্লাবের সমর্থকদের ডার্বি।

RELATED Articles