ভারতীয় ফুটবলের কিংবদন্তি বাইচুং ভুটিয়া। খুব কম সংখ্যক খেলোয়াড়ই কলকাতার দুটি বড় ক্লাব ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের হয়ে খেলেছেন। ভাইচুং ভুটিয়া তাঁদের মধ্যে অন্যতম। তিনি মনে করেন সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কলকাতার ক্লাব গুলির সেই রকম ভাবে বিকাশ ঘটেনি।
সম্প্রতি তিনি বলেছেন “দুঃখের বিষয়, দুটি ক্লাবের জন্য আরও অনেক কিছু করা দরকার বলে আমি মনে করি। ফুটবলের যে রকম ভাবে পরিবর্তন ঘটছে তাতে কর্মকর্তাদের আরো বেশি পেশাদার হওয়ার প্রয়োজন আছে। যদি আপনি নিজেকে পরিবর্তন না করেন তবে আপনি যেখানে রয়েছেন সেখানেই থাকবেন এবং এটিই ঘটে থাকে ভারতীয় ফুটবলের ক্ষেত্রে।”
তিনি আরও বলেন “পৃথিবী বদলেছে, কিন্তু আমরা এখনও আমাদের গৌরবময় ‘৬০ এবং ‘৭০ এর দশকেই পরে রয়েছি। সময়ের সাথে আমরা পরিবর্তন করিনি কিছুই এবং সেই কারণেই আমরা পিছিয়ে আছি। এমনকি মাঠে নেমে খেলার ধারণাটাই এখন আগের থেকে বদলে গেছে। তাই আমাদের ক্লাবগুলির ম্যানেজমেন্টকেও এখন অনেক বেশি পেশাদার হতে হবে এবং সময়ের দাবি মেনে এগোতে হবে।”
সম্প্রতি আই-লিগ জয়ী মোহন বাগান আইএসএল চ্যাম্পিয়ন এটিকে-র সাথে একত্রে পরের মরশুমে খেলবে। বাইচুং মনে করেন এটি বাগানের জন্য প্রয়োজন ছিল। “এটিকে যদি এই সংহতকরণের পরে মোহন বাগানকে ঠিক ভাবে ব্যবহার না করতে পারে তবে আমি মনে করি এটি অর্থের অপচয় হবে। মোহনবাগানের পক্ষে এটি একট সঠিক ধাপ, তবে এটিকে তাঁদের কীভাবে ব্যবহার করবে তার উপর নির্ভর করবে পুরোটা” বলে মনে করছেন এই ভারতীয় ফুটবল তারকা।
সবশেষে প্রাক্তন এই ভারতীয় স্ট্রাইকার বাংলার আরেক ফুটবল প্রধান ইস্টবেঙ্গলকেও আইএসএল-এ দেখতে আগ্রহী বলে মত প্রকাশ করেন। তিনি বলেন, “আমি স্পষ্টতই চাইব যে আইএসএল শীর্ষ লিগ হলে ইস্টবেঙ্গল শীর্ষস্থানীয় লিগেই খেলুক। তবে একই সাথে, আমরা ভুলে যাব না আইএসএল-এরও ইস্টবেঙ্গলকে প্রয়োজন এবং ইস্টবেঙ্গলেরও আইএসএল খেলা প্রয়োজন।”





