আগামী মরশুমের জন্য মহামেডান স্পোর্টিং যে প্রায় তৈরি, এ কথা নিজেদের কাজেই বুঝিয়ে দিচ্ছে তারা। এবার আরও এক নতুন উদ্যোগ নিল তারা। আগামী সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গে শুরু হবে আইলিগ দ্বিতীয় ডিভিশনের মূল পর্ব। সাধারণত দ্বিতীয় ডিভিশনের খেলা সম্প্রচারিত হয় না টিভিতে। ফলে নিজেদের প্রিয় দলের খেলা দেখা থেকে বঞ্চিত থাকেন অসংখ্য মহামেডান সমর্থক।
সেই কারণে এবার নিজেদের উদ্যোগে সমস্ত ম্যাচ সম্প্রচারের দায়িত্ব নিতে চলেছে মহামেডান স্পোর্টিং। আপাতত আইলিগ দ্বিতীয় ডিভিশনের নিজেদের সমস্ত খেলা তাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে সম্প্রচার করবে মহামেডান স্পোর্টিং। সেই মত প্রয়োজনীয় অনুমতি এবং পরিকাঠামোর ব্যবস্থা নিচ্ছে ব্ল্যাক প্যান্থার্স ব্রিগেড। এই মরশুমের জন্য আধুনিকতাকেই সঙ্গী করতে চাইছে তারা।
মিডিয়া পার্টনার থেকে শুরু করে সাংবাদিক সম্মেলনে খেলোয়াড় উন্মোচন – সবদিক থেকেই পেশাদারিত্ব দেখাচ্ছে মহামেডান স্পোর্টিং ক্লাব। আর এবার সেই আধুনিকতায় আরও এক নতুন চমক দিতে চলেছে তারা।





