নারদা কান্ড: সৌগত, শুভেন্দু সহ পাঁচ তৃণমূল নেতা-নেত্রীকে নোটিশ ধরাল ইডি

২০১৬ সালে নারদা নিউজ ডট কম আলোড়ন ফেলে দিয়েছিল গোটা দেশে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ঠিক আগে এই চ্যানেলের স্টিং অপারেশনে দেখা যায় যে, তৃণমূলের বিভিন্ন নেতা-মন্ত্রীরা ও কিছু পুলিশ অফিসার টাকা নিচ্ছেন। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে রীতিমতো বিতর্ক শুরু হয়। পরে সিবিআই, এনফর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি) এই ঘটনার তদন্ত শুরু করে।

চলতি বছরের জুলাই মাসের প্রথম সপ্তাহে ইডির তরফ থেকে নারদাকান্ডে জড়িত বেশকিছু তৃণমূল নেতা নেত্রীর কাছে নোটিশ যায়। শুভেন্দু অধিকারী, কাকলি ঘোষ দস্তিদার, সৌগত রায়, আফরিন অপরূপা পোদ্দার ও রত্না চট্টোপাধ্যায় এই তালিকার মধ্যে রয়েছেন বলে জানা যায়।

তাদের ব্যাঙ্ক ডিটেলস এবং স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব জমা করতে বলা হয় ইডির কাছে। ৩১ শে জুলাই এর মধ্যে এই হিসাব জমা করতে বলা হয় ইডির দফতরে কিন্তু এই নেতা নেত্রীরা এই নির্দেশ পালন করেননি।

এবার সম্প্রতি আবার নোটিশ গেল এই নেতা নেত্রীর কাছে। এছাড়াও সাসপেন্ডেড আইপিএস অফিসার এসএমএইচ মির্জাকে নোটিস পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মির্জাকেও জুলাই মাসে নোটিশ পাঠানো হয়েছিল তবে তিনিও তখন কোনো উত্তর দেননি।

যদিও এখনও পর্যন্ত এই পাঁচ তৃণমূল নেতা নেত্রী এবং মির্জার তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তৃণমূল জুলাই মাসে অভিযোগ করেছিল যে আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের ভাবমূর্তি কালিমালিপ্ত করতে বিজেপি স্বতঃপ্রণোদিত ভাবে এই নেতা নেত্রীদের ফাঁসাতে চাইছে তাই ইডি নোটিশ পাঠিয়েছে এদের। এবারও তৃণমূলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে এরকমই গুঞ্জন।

যদিও এই ব্যাপারে বিজেপি সরাসরি কোনো প্রতিক্রিয়া দেয়নি তবে বিরোধী শিবিরের বরাবরই বক্তব্য ছিল, দোষ যখন করেছে তখন শাস্তি তো পেতেই হবে। এখানে বিজেপির কোন হাত নেই।

RELATED Articles

Leave a Comment