পতাকা অর্ধনমিত, মারাদোনার প্রতি শোকপ্রকাশ মোহনবাগানের

মাত্র ৬০ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ফুটবলের ঈশ্বর দিয়েগো মারাদোনা। মাত্র দুই সপ্তাহ আগেই তার ব্রেন সার্জারি করা হয়েছিল। মারাদোনার মৃত্যু সংবাদে শোকে আচ্ছন্ন গোটা ফুটবল বিশ্ব। শোক প্রকাশ করেছেন অনেক প্রাক্তন ভারতীয় ফুটবলাররাও। মারাদোনার প্রয়াণ শোকে শুক্রবার সবুজ-মেরুণ পতাকা অর্ধনমিত রাখা হয় মোহনবাগান ক্লাবে।

 

মারাদোনার প্রতি বিশেষ শ্রদ্ধার্ঘ্য রাখতেই এই উদ্যোগ মোহনবাগান ক্লাবের। বলা বাহুল্য, ২০০৮ সালে দিয়েগো মারাদোনা মোহনবাগানের ঐতিহ্যশালী মাঠে এসেছিল। তখন কলকাতার দর্শকদের নিজের স্কিল দেখিয়েছিল ফুটবলের রাজপুত্র। জানা গিয়েছে, সেই সময়কার ছবিগুলি ফ্রেমবন্দী করে রাখা হবে ক্লাব তাঁবুতে।

অন্যদিকে আগামীকাল আইএসএল এর ইতিহাসে প্রথম কলকাতা ডার্বিতে খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল এবং এটিকে-মোহনবাগান। দুই ক্লাবের তুলনা করলে কিছুটা হলেও এগিয়ে আছে প্রথম ম্যাচে জয় লাভ করা এটিকে-মোহনবাগান। ডার্বি উপলক্ষ্যে শহরের ইস্টবেঙ্গল ও মোহনবাগানের বিভিন্ন ফ্যান-ফোরাম জায়ান্ট স্ক্রিনে একসাথে বসে খেলা দেখার আয়োজন করছে।

RELATED Articles